নজরবন্দি ব্যুরোঃ সর্বভারতীয় ফুটবল সংস্থার উপর থেকে নির্বাসন তুলে নিল ফিফা। শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে ফিফার তরফে। ১১ দিন পর উঠল নির্বাসন। ফলে অক্টোবরে মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হতে আর কোনও বাধা থাকল না। এ দিন রাতের খবরে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ভারতীয় ফুটবল সমর্থকরা।
আরও পড়ুনঃ কিছুক্ষণের মধ্যেই শুরু বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি, ৫ জেলায় সতর্কতা জারি হাওয়া অফিসের


১৫ আগস্ট মধ্যরাতে ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করার কথা ঘোষণা করে ফিফা। ফেডারেশনের (AIFF) কাজে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই এই সিদ্ধান্ত বলে ফিফার (FIFA) তরফে জানানো হয়। ফেডারেশনের নির্বাচন ইস্যুতে অনিল দাভে, এস ওয়াই কুরেশি এবং ভাস্কর গঙ্গোপাধ্যায়কে এআইএফএফ-এর অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ করে সুপ্রিম কোর্ট।

এই তিন অ্যাডমিনিস্ট্রেটরের নিয়োগকেই ফিফার তরফে ফেডারেশনের কাজে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ হিসেবে দেখা হয়। ১৫ আগস্ট মধ্যরাতে ভারতকে নির্বাসিত করার ক্ষেত্রে কারণ হিসেবে ফিফা সেই বিষয়টি উল্লেখও করেছিল। এরপর ২২ আগস্ট, তথা সোমবার সুপ্রিম কোর্ট সিওএকে সরিয়ে দেওয়ার রায় দেয়। সেই শুনানির কপি সেদিনই ইমেল মারফত ফিফায় পাঠিয়ে দেন ফেডারেশনের সচিব সুনন্দ ধর।



ফিফার নির্বাসন কাটিয়ে ফের ট্র্যাকে ফিরল ভারতীয় ফুটবল

সেদিনই ফেডারেশনের কার্যনির্বাহী সচিব জানিয়েছিলেন, ২-৩ দিনের মধ্যে নির্বাসন উঠে যাওয়ার আশা করছেন তাঁরা। হলও তাই। শুক্রবার রাত ১০.৩৫ মিনিটে এল সেই মহেন্দ্রক্ষণ। ইমেলে পাঠানো একটি বিবৃতির মাধ্যমে নির্বাসন তুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয় ফিফা। নির্বাসন উঠে যাওয়ায় খুশির হাওয়া ফুটবল মহলে। স্বস্তির নিশ্বাস ফেললেন ইস্ট-মোহন কর্তারাও।







