গ্যালারিতে ভারতীয় সমর্থকদের গর্জন ছিল, কিন্তু ম্যাচ শেষে শোনা গেল শুধু উদ্বেগের নিঃশ্বাস। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের দাপুটে পারফরম্যান্স শুধু একটি ম্যাচের ফল বদলায়নি, বদলে দিয়েছে ভারতের বিশ্বকাপ ভাগ্যের অঙ্কও। শিমরন হেটমায়ার ও রভম্যান পাওয়েলদের বিধ্বংসী ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে বিশাল জয়ের ফলে সেমিফাইনালে পৌঁছনোর পথ এখন আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়ার জন্য।
আহমেদাবাদে হারের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নতুন সমস্যায় পড়েছে সূর্যকুমার যাদবের দল। শুধু পরাজয় নয়, ভারতের নেট রান রেট ভয়াবহভাবে পিছিয়ে পড়েছে—যা এখন সবচেয়ে বড় উদ্বেগ। জিম্বাবোয়ে এবারের বিশ্বকাপে একাধিক অঘটন ঘটিয়েছে বলে ভারতীয় সমর্থকদের আশা ছিল ওয়াংখেড়েতেও হয়তো চমক দেখা যাবে। অন্তত ওয়েস্ট ইন্ডিজ যেন বড় ব্যবধানে না জেতে—এই প্রার্থনাও ছিল।


কিন্তু বাস্তব ছবি সম্পূর্ণ উল্টো। ওয়েস্ট ইন্ডিজ শুধু জয় পায়নি, ১০৭ রানের বিশাল ব্যবধানে জিতে নিজেদের নেট রান রেট অনেকটাই বাড়িয়ে নিয়েছে। ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের রান রেট দাঁড়িয়েছে ৫.৩৫, দক্ষিণ আফ্রিকার ৩.৮ এবং ভারতের নেমে গেছে -৩.৮-এ। ফলে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারত এখন স্পষ্টভাবেই পিছিয়ে।
কীভাবে বদলাল সেমির সমীকরণ?
বর্তমান পরিস্থিতিতে ভারতের সামনে একাধিক শর্ত জুড়ে গেছে। প্রথমত, বাকি দুই ম্যাচ জিততেই হবে—এখানে কোনও বিকল্প নেই। তবে শুধু জিতলেই হবে না, অন্য দলগুলির ফলাফলের উপরও নির্ভর করতে হবে।
ভারতের সবচেয়ে বড় ভরসা এখন দক্ষিণ আফ্রিকা। যদি দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারায় এবং ভারত নিজেদের ম্যাচ দু’টি জিতে নেয়, তাহলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে পৌঁছনোর সম্ভাবনা থাকবে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জিতলে পরিস্থিতি আরও কঠিন হয়ে যাবে এবং তখন নেট রান রেটই হয়ে উঠবে মূল নির্ধারক—যেখানে ভারত অনেকটাই পিছিয়ে।


সামনে কী চ্যালেঞ্জ?
ভারতের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য—জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়। একই সঙ্গে নজর রাখতে হবে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ের বাকি ম্যাচগুলির ফলাফলের উপর।
একটি স্বস্তির জায়গা অবশ্য রয়েছে। সুপার এইট পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে ভারত। ফলে অন্য ম্যাচগুলির ফলাফল জেনে সমীকরণ মাথায় রেখেই মাঠে নামার সুযোগ থাকবে সূর্যকুমারদের।
বিশ্বকাপের মঞ্চে ভারতের স্বপ্ন এখনও শেষ হয়নি, তবে এখন তা দাঁড়িয়ে আছে জটিল অঙ্ক, রান রেট এবং অন্য দলের ফলাফলের উপর।







