বিশ্বকাপে ফের পাক বধ, বোলার তান্ডবে খড়কুটোর মত উড়ে গেল পাকিস্তান

ঈশানের ঝড়ে ১৭৫, তারপর বুমরা-হার্দিকদের আঘাতে গুঁড়িয়ে পাকিস্তান। বিশ্বকাপে ভারত–পাক পরিসংখ্যান এখন ৮–১।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচকে ঘিরে যত উত্তেজনা, মাঠে নামার পর তার অনেকটাই ম্লান হয়ে গেল। কলম্বোয় দেখা গেল একপেশে লড়াই। ভারতের কাছে ফের হার মানল পাকিস্তান, আর বিশ্বকাপে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান দাঁড়াল ৮–১। আট দিনের বয়কট নাটক শেষে মাঠে নামা পাকিস্তান যেন চাপ সামলাতেই পারল না।

এই জয়ের ভিত গড়ে দেন ঈশান কিষান। স্লো পিচে তাঁর ঝড়ো ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শাহিন আফ্রিদিকে ছয় মেরে শুরু, তারপর পাক স্পিনারদের ওপর একের পর এক আক্রমণ—সব মিলিয়ে অন্য ছন্দে খেলছিলেন ঝাড়খণ্ডের এই ব্যাটার। তাঁর আগ্রাসী ব্যাটিং না থাকলে ভারতের স্কোর ১৭৫-এর ধারেকাছেও পৌঁছত না।

ঈশানের ঝড়ের মাঝে সূর্যকুমার যাদব ও তিলক বর্মা খেলেন বুদ্ধিদীপ্ত ইনিংস। তাঁরা বুঝেছিলেন, একই গতিতে ঝুঁকি নিয়ে খেলা সম্ভব নয়। তাই সিঙ্গল-ডাবল নিয়ে স্কোরবোর্ড সচল রাখেন। তৃতীয় উইকেটে তাঁদের ৩৮ রানের জুটি ভারতের ইনিংসে স্থিরতা আনে।

শেষদিকে ম্যাচে গতি ফেরান শিবম দুবে ও রিঙ্কু সিং। শিবম ১৭ বলে ২৭ রান করেন তিনটি চার ও একটি ছক্কায়। রিঙ্কু মাত্র ৪ বলে ১১ রান তুলে স্কোরকে ১৭৫-এ পৌঁছে দেন।

তবে ম্যাচের আসল মোড় ঘোরে পাকিস্তানের ইনিংসের শুরুতেই। কঠিন পিচে প্রথম দু’ওভারের মধ্যেই টপ অর্ডার ভেঙে পড়ে। হার্দিক পাণ্ডিয়ার বলে সাহিবজ়াদা ফারহান আউট হওয়ার পর জসপ্রীত বুমরার নিখুঁত ইয়র্কারে ফেরেন সাইম আয়ুব। তার পরেই সলমন আলি আঘার হালকা শট ক্যাচে পরিণত হলে পাকিস্তানের লড়াই কার্যত শেষ হয়ে যায়।

পাকিস্তান অধিনায়ক সলমনের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। প্রথম ওভার নিজে করে অভিষেকের উইকেট তুলে নেওয়া ছিল সফল পদক্ষেপ। কিন্তু শেষ ওভারে শাহিন আফ্রিদিকে বল দেওয়া ব্যুমেরাং হয়ে যায়। সেই ওভারেই ভারত তুলে নেয় ১৬ রান, যা শেষ পর্যন্ত ম্যাচে বড় ফারাক গড়ে দেয়।

ম্যাচে এক অভিনব পরিসংখ্যানও দেখা যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার এক ইনিংসে ছ’জন স্পিনার ব্যবহার করে পাকিস্তান। কিন্তু সেই কৌশলও ভারতের পরিকল্পনার সামনে ব্যর্থ হয়। সূর্যকুমার শুরুতে জোরে বোলারদের দিয়েই আক্রমণ চালান, আর সেখানেই কেঁপে ওঠে পাকিস্তানের ব্যাটিং।

সব মিলিয়ে, যে ম্যাচকে ‘মহারণ’ বলা হচ্ছিল, তা পরিণত হল একপেশে লড়াইয়ে। আর বিশ্বকাপের মঞ্চে ভারতীয় আধিপত্য আরও একবার স্পষ্ট হয়ে গেল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর