ভোট পর্ব মিটেছে। শপথ গ্রহণও সম্পন্ন। শরিকদের সমর্থন নিয়ে ফের একবার দেশের মসনদে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলো সমর্থনকারীরা আশা করেছিলেন, তা-ও সুকৌশলে এড়িয়েছেন তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। এবার কিন্তু আর সেই পথ নেই। এনডিএ সরকারের অন্যতম শরিক চন্দ্রবাবু নায়ডু সাফ জানিয়েছেন, লোকসভার স্পিকার বা অধ্যক্ষ পদ তাঁর ‘চাইই চাই’! আর সেখানে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ সরাসরি পাশে দাঁড়িয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি সুপ্রিমোর। মোদীকে ‘চাপে’ রাখতে এটা রাহুল গান্ধীদের একটা মোক্ষম চাল বলেই মত রাজনৈতিক মহলের।
আরও পড়ুন: তৃণমূল বিরোধীতার অগ্রণী মুখ, রাজ্যের একমাত্র পূর্ণমন্ত্রী হতে চলেছেন অধীর চৌধুরী?


এবারের লোকসভায় ৪০০ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে ২৪০ আসনে থেমেছে বিজেপি। ম্যাজিক ফিগার ২৭২ এককভাবে পার করা সম্ভব হয়নি। ফলে, নির্ভর করতে হয়েছে শরিকদলগুলির ওপর। সব মিলিয়ে এনডিএ জোট পেয়েছে ২৯৩ আসন। সেখানে ২৮ আসন দিয়ে সমর্থন জানিয়েছে চন্দ্রবাবুর টিডিপি ও নীতীশ কুমারের জেডিইউ। ফলে, এই শরিক নির্ভরতা আগামী ৫ বছর বহন করতেই হবে বিজেপিকে, যদি তাঁরা সরকারে থাকতে চায়।
এমতাবস্থায়, প্রথমেই স্বরাষ্ট্র মন্ত্রক দাবি করেন চন্দ্রবাবু। বা, পরোক্ষভাবে চেয়েছিলেন, অমিত শাহের অপসারণ। অন্যদিকে, নীতীশের দাবি ছিল, রেল মন্ত্রক। কিন্তু, ১০ বছরের সরকার চালানোর অভিজ্ঞতা নিয়ে মোদী সেই অর্থে শরিকদের তেমন কিছুই দিলেন না! স্বরাষ্ট্রে থাকলেন অমিত শাহই, রেলও থাকল অশ্বিনী বৈষ্ণবের হাতে। পূর্ণমন্ত্রীর তালিকায় চন্দ্রবাবুর দলের কে রামমোহন নায়ডু পেয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। আর নীতীশের দলের রাজীবরঞ্জন সিংহকে দেওয়া হয়েছে পঞ্চায়েতি রাজ-মৎস্য-পশুপালন-ডেয়ারি মন্ত্রক। এ ‘দুধের স্বাদ ঘোলে মেটানোর’ চেয়ে বেশি কিছু নয়!

এখন, চন্দ্রবাবুর লক্ষ্য একটাই, স্পিকার পদ। এ নিয়ে তিনি প্রথম থেকেই সরব ছিলেন। এবার স্পিকার পদ না পেলে তিনি ঘনিষ্ঠ মহলে সমর্থন তুলে নেবার মতো হুঁশিয়ারিও দিয়েছেন। বুধবার চতুর্থবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন চন্দ্রবাবু নায়ডু। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। চন্দ্রবাবুকে ‘তোয়াজ’ করেই চলতে হচ্ছে বিজেপি-কে তা কার্যত বুধবারের ছবিতে স্পষ্ট ধরা পড়েছে।


স্পিকার পদ নিয়ে ডামাডোল NDA শিবিরে, মোদীকে চ্যালেঞ্জ করে সরাসরি চন্দ্রবাবুর পাশে INDIA
চলতি মাসের ২৪ তারিখ থেকে লোকসভার বিশেষ অধিবেশনে বসতে চলেছে। যা চলবে ৩ জুলাই পর্যন্ত। প্রথম দিন লোকসভার নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণপর্ব মিটে গেলেই লোকসভার স্পিকার পদের নির্বাচন হবে। সেখানেই এবার পাল্টা চাল দিল ‘ইন্ডিয়া’ জোট। তাঁদের সাফ বক্তব্য, চন্দ্রবাবুর প্রার্থীকেই সমর্থন করা হবে আর যদি তা না হয়, তাহলে নিজেরা প্রার্থী ঘোষণা করবে বিরোধী জোট। অর্থাৎ, বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী। অবস্থান স্পষ্ট করলেন রাহুল গান্ধীরা।

সূত্রের খবর, দলিত সম্প্রদায়ের ভোট নিজেদের ঝুলিতে রাখতে চন্দ্রবাবু চান জিএমসি বালাযোগী ছেলে হরিশ মাথুর বালাযোগীকে স্পিকার করা হোক। টিডিপি-র প্রার্থীকে যদি এনডিএ বা মোদী সরকার নির্বাচিত করে তাহলে তাঁকেই সমর্থন করবে ‘ইন্ডিয়া’। এমনকি এই বিষয়ে চন্দ্রবাবুর সঙ্গে যোগাযোগও রাখছে বিরোধী জোট। অন্যথা, বিরোধী জোটের প্রার্থী হতে পারেন ডিএমকের বর্ষীয়ান নেতা তথা সাতবারের সাংসদ টি আর বালু। এবার চন্দ্রবাবুর সমর্থন বজায় রাখতে মোদী কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার।







