নজরবন্দি ব্যুরো: শিক্ষা জীবনের দ্বিতীয় বড় ধাপ উচ্চমাধ্যমিক পরীক্ষা। বছর ঘুরলেই দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা নিয়ে তোড়জোড় শুরু হয়ে যাবে। পরীক্ষার্থীদের পাশাপাশি প্রস্তুতিতে নেমে পড়বে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। স্বচ্ছভাবে পরীক্ষা হওয়াতে যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে। গতবারের মত এবারেও ব্যবহার করা হবে উচ্চমানের প্রযুক্তি। পরীক্ষাকেন্দ্রে থাকবে বাড়তি সতর্কতা।
আরও পড়ুন: জ্যোতিপ্রিয় ‘ঘনিষ্ঠ’ ২ ব্যবসায়ীর বাড়িতে ED, এজেন্সির সক্রিয়তায় ‘বিপদ’ বাড়ছে মন্ত্রীর?


উচ্চমাধ্যমিক পরীক্ষায় ‘টুকলি’ রুখতে উচ্চমানের প্রযুক্তি ব্যবহার করেছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। চলতি বছরের অর্থাৎ ২০২৩ সালের পরীক্ষার সময়ে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর যন্ত্রকেই হাতিয়ার করা হয়েছিল। তার সুফল পাওয়া গিয়েছিল। তাই আগামী বছরের অর্থাৎ ২০২৪ সালের উচ্চমাধ্যমিকে এই যন্ত্রের ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে সংসদ। তবে এবারে আরএফডি-র পাশাপাশি মেটাল ডিটেক্টর ব্যবহার করা হবে।

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দীর্ঘদিন ধরেই আরএফডি প্রযুক্তির ব্যবহার হয়ে আসছে। বোর্ডের সহযোগিতায় ২০২৩ সালে উচ্চমাধ্যমিকে এই প্রযুক্তির ব্যবহার করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। রাজ্যের স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলি চিহ্নিত করে এই যন্ত্র ব্যবহার করা হয়েছিল। আগামী বছর আরএফডি ছাড়াও মেটাল ডিটেক্টর ব্যবহার হবে। তবে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, অতি স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্র চিহ্নিত করে সেখানে মেটাল ডিটেক্টর ব্যবহার করা হবে।



উল্লেখ্য, আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখ। শেষ পরীক্ষা হবে ২৯ ফেব্রুয়ারি। এবারে পরীক্ষার সময়ে বদল এসেছে। ২০২৪-এর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে বেলা ১২ টায়। শেষ হবে দুপুর ৩.১৫ মিনিটে। পরীক্ষার প্রস্তুতি শুরু করতে আগামী ২২ নভেম্বর থেকেই জেলাগুলি পরিদর্শন করবেন সংসদ সভাপতি।
বছর ঘুরলেই উচ্চমাধ্যমিক, এবারেও পরীক্ষাকেন্দ্রে থাকবে বাড়তি সতর্কতা








