নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য-রাজনীতি। গত কয়েক সপ্তাহ ধরে তদন্তে সক্রিয় ভূমিকা নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার ইডির নজরে জ্যোতিপ্রিয় ‘ঘনিষ্ঠ’ দুই ব্যবসায়ী। শনিবার সকালেই তাঁদের বাড়ি, হোটেল সহ চালকল ও আটাকলে হানা দেয় তদন্তকারীর দল।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর কী ধরনের চিকিৎসা হয়েছে SSKM-এ? মমতার অভিযোগের পরই চিঠি গেল স্বাস্থ্য দফতরে
রেশন দুর্নীতির তদন্তে শনিবার সকালে বনগাঁর দুই চালকল মালিকের বাড়ি ও হোটেলে হানা দেয় তদন্তকারী আধিকারিকেরা। জানা যায়, আজ ভোর ৬ টা নাগাদ বনগাঁর কালুপুরের রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিলে অভিযান চালায় ইডি। ওই মিলের মালিক মন্টু সাহা এবং কালী সাহা। এই দুই ব্যবসায়ী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে খবর। তদন্তে নেমে ইডি জানতে পারে, রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিল থেকে রেশনে আটা এবং চাল যেত। তাই দুর্নীতির শিকড় খুঁজতে আজ সেখানেও যায় তদন্তকারীরা।

এছাড়া, এদিন সকাল ৯ টা নাগাদ ইডির ৮ সদস্যের একটি দল রানাঘাট শহরের ১৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে হানা দেয়। সূত্র মারফত জানা গিয়েছে, বাড়িটি রেশন সামগ্রী ব্যবসায়ী ও চালকলের মালিক নিতাই ঘোষের। রানাঘাটের আরও এক ব্যবসায়ী রেশন ডিলার সিদ্ধেশ্বর বিশ্বাসের বাড়িতেও আজ হানা দেয় তদন্তকারীর দল। রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমানের কোনও যোগ আছে কি না থাকলেও তা কতদূর, জানার চেষ্টা করছে ইডি।

ইডি সূত্রে খবর, ২০২০ সালে লকডাউনের সময় থেকেই এই দুর্নীতি হয়েছে। সেই সূত্র ধরেই তদন্ত শুরু হতেই রাজ্যের একাধিক রেশন ব্যবসায়ীকে জেরা করা হয়। তদন্তকারী সংস্থার দাবি, কয়েক বছরের মধ্যেই রেশনে প্রায় ১০০ কোটি টাকারও বেশি দুর্নীতি হয়েছে। বিভিন্ন উপায়ে দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে। গত মাসে গ্রেফতার করা হয় ব্যবসায়ী বাকিবুর রহমানকে। গত সপ্তাহে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ২১ ঘণ্টা তল্লাশি চালিয়ে তাঁকেও গ্রেফতার করে ইডি।
জ্যোতিপ্রিয় ‘ঘনিষ্ঠ’ ২ ব্যবসায়ীর বাড়িতে ED, এজেন্সির সক্রিয়তায় ‘বিপদ’ বাড়ছে মন্ত্রীর?




