ভোটের আগে মুখ পুড়ল রাজ্য সরকারের। সন্দেশখালিতে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে আদালতের নজরদারিতে তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গোটা সন্দেশখালি কার্যত চলে গেল সিবিআইয়ের দখলে।

আরও পড়ুন : যুবশ্রীর পাল্টা সংগ্রামী ভাতা! শুভেন্দুর প্রতিশ্রুতির পাল্টা দিলীপ, প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
আগামী ২ মে’র মধ্যে সিবিআইকে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জনস্বার্থ ও স্বতঃপ্রণোদিত মামলা, দুটো ক্ষেত্রেই সিবিআই-কে সিট গঠন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সিবিআই-কে পোর্টাল তৈরি করতে হবে। জমি দখল, ধর্ষণ, চাষের জমিতে ভেড়িতে পরিবর্তন করা-সহ সমস্ত অভিযোগের তদন্ত করবে সিবিআই। আদালতের নজরদারিতে হবে তদন্ত।

স্পর্শকাতর এলাকায় ১৫ দিনের মধ্যে সিসিটিভি বসাতে হবে, বসাতে হবে LED আলোও। আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যকে তার খরচ দিতে হবে। মামলাকারীদের আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, প্রাক্তন বিচারপতিকে দিয়ে কমিশন গড়ার আর্জি জানিয়েছিলেন। গত ৫ জানুয়ারী থেকে শিরোনামে সন্দেশখালি। রেশন দুর্নীতি মামলায় তদন্তে গিয়ে শেখ শাহজাহান বাহিনীর হামলার মুখে পড়ে তদন্তকারীরা। সেই থেকে সামনে আসতে থাকে সব দুর্নীতি।
সন্দেশখালিতে সব মামলার তদন্তে CBI, নির্দেশ হাই কোর্টের

এ ছাড়া আদালত জানিয়েছে, আইন অনুযায়ী নির্যাতিত, ক্ষতিগ্রস্ত এবং সাক্ষীদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য পুলিশকে নির্দেশ দিতে পারবে সিবিআই। স্থানীয় ভাষায় সর্বাধিক প্রচারিত দৈনিক কাগজেও ওই বিষয়ে মানুষকে অবহিত করতে হবে বলে জানিয়েছে হাই কোর্ট। সিবিআইয়ের রিপোর্ট দেখে পরবর্তী নির্দেশ দেওয়া হবে।



