নজরবন্দি ব্যুরো: সামনেই একুশের নির্বাচন। আর তার আগে ফের নারদ কান্ড নিয়ে সরব হল কলকাতা হাইকোর্ট। এবার নারদ মামলায় সাংসদ বিধায়কদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যতদ্রুত সম্ভব সিবিআইকে বিধানসভার অধ্যক্ষের কাছে আবেদন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জানা গিয়েছে, নারদ কাণ্ড নিয়ে নতুন করে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি আগামী দু সপ্তাহ পর।
আরও পড়ুন: এক মাসেই মোহভঙ্গ, বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ঘর ওয়াপসি শুভেন্দু ঘনিষ্ঠ এই নেতার


এদিন মামলার শুনানিতে রাজ্যের কৌঁসুলি জানান, সাংসদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরুর ক্ষেত্রে লোকসভার অধ্যক্ষের কাছে অনুমতি চাইলেও, এখনও পর্যন্ত বিধায়কদের ক্ষেত্রে বিধানসভার অধ্যক্ষের কাছে সিবিআইয়ের তরফে এমন কোনও আবেদন জানান হয়নি। এনিয়ে রাজ্যের বক্তব্যের পরিপ্রেক্ষিতেই আগামী ১০ দিনের মধ্যে এই আবেদন জানানোর নির্দেশ দিয়েছে আদালত।
যদিও এদিন কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল দাবি করেন, কয়েকদিন আগেই এই সংক্রান্ত বিষয়ে আবেদন করা হয়েছে বিধানসভার অধ্যক্ষের কাছে।
এর পাশাপাশি এই সংক্রান্ত মামলায় যুক্ত হতে চেয়ে আদালতের কাছে আবেদন জানান প্রাক্তন পরিবহণমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যদিও এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মুহূর্তে তাদের মামলায় যুক্ত না হওয়ার পরামর্শ দেয়।
প্রসঙ্গত, নারদ স্ট্রিং অপারেশন কাণ্ডে সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলে নতুন করে জনস্বার্থ মামলা দায়ের মামলা দায়ের করেন কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী।
নারদ কাণ্ড: বিধায়ক-সাংসদদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে CBI-কে নির্দেশ হাইকোর্টের, এ বিষয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, ‘দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে যাবার পরেও নারদ কান্ডের মতো এত বড় ঘটনার তদন্ত নিষ্পত্তির দিকে এগোয়নি। এখনোও পর্যন্ত আদালতে পেশ হয়নি ফাইনাল চার্জশিটও। যেখানে রাজ্যের মন্ত্রী বিধায়ক সাংসদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ উঠেছে সেখানে এই মামলার তদন্তে সাড়ে তিন বছরের সিবিআই তদন্ত দিকভ্রান্ত। গতিহীন। তাঁর দাবি, এ ক্ষেত্রে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরুতে অধ্যক্ষের অনুমতির প্রয়োজন নেই।









