জগন্নাথধাম ঘিরে পর্যটকের ভিড় বাড়তেই দিঘার পরিকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ নিল রাজ্য সরকার। এবার হোটেল নির্মাণে নামছে হিডকো। পর্যটন চাহিদা সামাল দিতে দিঘায় ৪৬টি প্লটে হোটেল গড়ার পরিকল্পনায় জোড়া দরপত্র ডেকেছে আবাসন পরিকাঠামো উন্নয়ন নিগম।
মঙ্গলবার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দিঘায় হোটেল নির্মাণের জন্য দুটি পৃথক দরপত্র আহ্বান করেছে হিডকো। সূত্রের খবর, এই প্রকল্পে প্রায় ২০০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ হতে পারে। নির্মাণকাজ সম্পূর্ণ করতে পাঁচ বছরের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।


তবে দরপত্র প্রক্রিয়া শেষ হওয়ার আগেই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে প্রশাসনিক মহলে আলোচনা চলছে। তা সত্ত্বেও প্রকল্পের পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে দিয়েছে হিডকো।
সম্প্রতি হিডকোর চেয়ারম্যান পদে পরিবর্তন হয়েছে। দায়িত্ব পেয়েছেন রাজ্যের অর্থ ও স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বুধবার তিনি জানান, “দিঘায় পর্যটকের সংখ্যা এমনিতেই বাড়ছে। জগন্নাথধাম নির্মাণের পরে সেই প্রবণতা আরও স্পষ্ট হয়েছে। পর্যটন ও পরিকাঠামো উন্নয়নের কথা মাথায় রেখেই হিডকো এই সিদ্ধান্ত নিয়েছে।”
গত বছর এপ্রিল মাসে অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথধামের উদ্বোধন হয়েছিল। মাত্র আট মাসের মধ্যেই দর্শনার্থীর সংখ্যা এক কোটির গণ্ডি পেরিয়েছে। পুরীর মন্দিরের আদলে সেখানে ধ্বজাদানের ব্যবস্থাও করা হয়েছে। অগ্রিম বুকিংয়ের মাধ্যমে তিন বেলা আট রকম মহাপ্রসাদ পাওয়ার ব্যবস্থাও চালু হয়েছে।


জগন্নাথধাম প্রকল্পের পর হিডকোর হাতে এসেছে আরও কয়েকটি ধর্মীয় ও পর্যটনকেন্দ্রিক প্রকল্প। নিউ টাউনে ‘দুর্গা অঙ্গন’ এবং শিলিগুড়িতে ‘মহাকাল মন্দির’ নির্মাণের কাজও তাদের দায়িত্বে। দু’টি প্রকল্পেরই শিলান্যাস হয়ে গিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল দিঘার হোটেল প্রকল্প।







