মঙ্গলবারের পর বুধবারও হল না আর জি কর মামলার শুনানি। সকালে এই মামলা শোনার কথা থাকলেও শেষে পিছিয়ে তা বিকেল ৩টেয় করা হয়। নির্ধারিত সময়ে মামলা উঠলেও শুনানি হয়নি। আদালতের তরফে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর দুটোয় এই মামলা শুনবে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি জানান, সন্ধ্যায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যেতে হবে তাঁকে।
তাই বৃহস্পতিবার মামলাটি তিনি শুনবেন। আরজি কর মামলায় পশ্চিমবঙ্গ সরকারের তরফে রয়েছেন আইনজীবী কপিল সিব্বল। বুধবার শুনানি হচ্ছে না শুনে তিনি আগামী সপ্তাহে এই মামলার শুনানির তারিখ চান। আবার এই সংক্রান্ত জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজি জানান, সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন রয়েছে।
কিন্তু বুধবার মামলার কোনও অংশ শুনতে চায়নি বেঞ্চ। প্রধান বিচারপতি জানিয়ে দেন, বৃহস্পতিবার দুপুরে শুনানি হবে। উল্লেখ্য, এর আগে, যেদিন সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হয়, সেদিন সিভিক ভলান্টিয়ার নিয়োগে স্বজনপোষণ-বিতর্কে ৬টি প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।
রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছিল, সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ কারা করে?নিয়োগের যোগ্যতা কী? রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। তদন্ত অগ্রগতি নিয়ে সুপ্রিম কোর্ট রিপোর্ট দেবে সিবিআই। রিপোর্ট দিতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের জাতীয় টাস্ক ফোর্সকেও।



