নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোটে অশান্তি ছড়ানো ও রাজনৈতিক হিংসায় মদত দেওয়ার অভিযোগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করার আর্জিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বিচারপতি জানিয়ে দিলেন শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতির প্রয়োজন নেই। একইসঙ্গে আরও কিছু মন্তব্য করেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়।
আরও পড়ুন: মমতা ও অভিষেকের বিরুদ্ধে FIR দায়ের করার আর্জিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা


বুধবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী সুমন সিংহ। তাঁর অভিযোগ ছিল, বাঁকুড়ার বড়জোড়া, পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রাম এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি দলীয় সভায় শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যে বিজেপির কর্মীদের ব্যালট বক্স জলে ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছেন। এমনকি রাজ্যে ৩৫৫ ধারা লাগু করার জন্য অশান্তি সৃষ্টি করতে চাইছে। এদিন মামলার শুনানিতে বিচারপতি বলেন, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তবে এফআইআর করার ক্ষেত্রে আগে অভিযোগ খতিয়ে দেখতে হবে। হেনস্থা করার উদ্দেশে যেন এফআইআর না হয়। ডিভিশন বেঞ্চ আরও জানায়, অভিযোগের সত্যতা খতিয়ে দেখে পুলিশ এফআইআর করতে পারে।

গতবছর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া ২৬ টি এফআইআরের উপর স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। রাজাশেখর মান্থার একক বেঞ্চ থেকে আইনি রক্ষাকবচ পেয়েছিলেন শুভেন্দু। একইসঙ্গে জানিয়েছিলেন, আগামী দিনে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর করতে হলে আদালতের অনুমতি নিতে হবে। এদিনের শুনানিতে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় জানিয়ে দেন, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করার ক্ষেত্রে পুলিশকে আগাম অনুমতি নিতে হবে না আদালত থেকে।



উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একই অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। হাইকোর্টের বিচারপতি ইন্দভূষণ মুখোপাধ্যায়ের এজলাসে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরে বাংলায় আইনশৃঙ্খলার পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। তাঁদের নানা মন্তব্য রাজ্যে ৩৫৫ জারি করার অবস্থা তৈরি করছে। মামলাকারীর দাবি মুখ্যমন্ত্রী নিজে এবং তাঁর দলের গুরুত্বপূর্ণ নেতারা যেভাবে হিংসার কথা বলছেন, অবিলম্বে তাঁদের বিরুদ্ধে এফআইআর রুজু করা হোক।
শুভেন্দুর বিরুদ্ধে FIR করতে আদালতের অনুমতির প্রয়োজন নেই, জানাল কলকাতা হাইকোর্ট










