নজরবন্দি ব্যুরোঃ শীতের উত্তুরে হাওয়াকে ফিকে করে কলকাতায় ‘হাওয়া’ চলচ্চিত্রের দাপট চোখে পড়ার মতো। হাওয়া মানেনি কোন দেশের সীমা, বাংলাদেশ ছাপিয়ে তা ছড়িয়ে পড়তে চলেছে এপার বাংলা সহ সমগ্র ভারতবর্ষে। শুধু তাই নয়, অস্কারের জন্য মনোনীত হতে চলেছে ‘হাওয়া’। কলকাতায় মুক্তির আগেই হয়ে গেল তাঁর প্রচার পর্ব। কিন্তু পিতার অসুস্থতাকে মাথায় রেখে মূল অনুষ্ঠানে থাকতে পারলেন না মুখ্য অভিনেতা চঞ্চল চৌধুরি।
আরও পড়ুনঃ আজ কলকাতায় শুরু সিনে-যজ্ঞ, KIFF-র উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ টলি-বলির একাধিক তারকা


গত নভেম্বরে কলকাতায় বাংলাদেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল মেজবাউর রহমান সুমনের ছবি ‘হাওয়া’। সে সময় কলকাতায় ব্যাপক সাড়া ফেলে ছবিটি। দুই দিন প্রদর্শনের কথা থাকলেও কলকাতার সিনেপ্রেমীদের আগ্রহ দেখে আরও দুই দিন বাড়ানো হয় প্রদর্শনী। এরপরও অনেকে সিনেমার টিকিট না পেয়ে ফিরে গেছেন। সারা দেশের মানুষের এই চাহিদা কে মাথায় এই প্রথম কলকাতা সহ সারা ভারতবর্ষে মুক্তি পেতে চলেছে হাওয়া।

তারই পরিপ্রেক্ষিতে ১৬ ডিসেম্বর বাণিজ্যিকভাবে কলকাতায় মুক্তি পাচ্ছে ‘হাওয়া’। তারপর ৩০ ডিসেম্বর থেকে ভারতের বিভিন্ন রাজ্যে ছবিটি মুক্তি পাবে। ছবিটি মুক্তি উপলক্ষে বুধবার কলকাতার এক পাঁচ তারকা হোটেলে সংবাদিক সম্মেলনের আয়োজন করেন ‘হাওয়া’ নির্মাতা্রা। সেখানে ছবির পরিচালক মেজবাউর রহমান সুমন জানান, ‘ নারীদের কথা মাথায় রেখে ছবিটা বানানো। মনসা মঙ্গলের থেকে নেওয়া অনুপ্রেরনা। মিথ ও জীবনের গল্প। আমার প্রথম ছবি কলকাতায় এত সাড়া পাবে, তা ভাবতে পারিনি। আপনারা ছবিটি দেখলে আমার আরও ভালো লাগবে এবং ভবিষ্যতে এমন আরও ছবি করার অনুপ্রেরণা পাব।’

তবে এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি ‘চান মাঝি’ ওরফে চঞ্চল চৌধুরি। বাবার ব্রেন স্ট্রোকের কারণে তিনি সেদিন হাসপাতালে ছিলেন। তবু ভার্চুয়ালি উপস্থিত থেকে তিনি জানিয়েছেন ,”কাঁটাতারের বেড়া কোনদিন শিল্প সংস্কৃতিতে আটকাতে পারেনা। কলকাতা আমার বড়ো প্রিয় জায়গা। কয়েকদিন আগেও সেখানে উপস্থিত থেকে মানুষের উচ্ছ্বাস দেখেছি। হাওয়াকে মানুষ ভালবেসেছে, দেখেছে, এটাই আগামীদিনে ভালো ছবি বানানোর অনুপ্রেরনা দেবে। বিজয় দিবসে হাওয়ার মুক্তি আরও এক বড়ো পাওয়া। সর্বপরি বাংলা সিনেমার জয় বলে মনে করি।“


বিজয় দিবসে কলকাতায় মুক্তি হাওয়ার, শহরে কলাকুশলীরা

এদিন উপস্থিত ছিলেন ছবির নায়িকা নাজিফা তুষি। তিনি বলেন, ‘হাওয়া’ নিয়ে কলকাতাবাসীর সাড়া দেখে আমি মুগ্ধ। কলকাতাবাসী ‘হাওয়া’কে হৃদয় দিয়ে গ্রহণ করায় আমাদের শ্রম সার্থক হয়েছে।‘ ‘হাওয়া’ ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস। ‘কালা কালা সাদা সাদা’ গান এখন বাঙালির মুখে মুখে ফেরে।








