আইপিএলের অন্যতম বড় দল মুম্বই ইন্ডিয়ান্সে কি শেষ হতে চলেছে হার্দিক পান্ডিয়ার অধ্যায়? এমনই জল্পনা এখন তুঙ্গে। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আর দেখা নাও যেতে পারে ভারতীয় অলরাউন্ডারকে। শুধু অধিনায়কত্ব হারানোর সম্ভাবনাই নয়, দল ছাড়ার সিদ্ধান্তও নাকি ইতিমধ্যেই টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন হার্দিক।
গত দুই মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স প্রত্যাশিত সাফল্য পায়নি। ব্যাট হাতে ধারাবাহিকতা এবং নেতৃত্ব— দুই ক্ষেত্রেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে হার্দিককে। সেই কারণেই আগামী মরশুমে তাঁকে অধিনায়কের পদ থেকে সরানোর পরিকল্পনা করছে ফ্র্যাঞ্চাইজি, এমন জল্পনা আগেই সামনে এসেছিল।
এবার নতুন করে দাবি করা হয়েছে, টানা সমালোচনা, চাপ এবং দলের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন হার্দিক। তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তির বক্তব্য উদ্ধৃত করে জানা গিয়েছে, প্লে-অফের দৌড় থেকে মুম্বই ছিটকে যাওয়ার পরই দল ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে দেন তিনি।
সূত্রের দাবি, শুধু মাঠের ব্যর্থতা নয়, গত কয়েক বছরে একাধিক ব্যক্তিগত ও পেশাদার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন হার্দিক। চোট-আঘাতের সমস্যার পাশাপাশি নেতৃত্বের দায়িত্বও তাঁর উপর বাড়তি চাপ তৈরি করেছিল।
২০২৪ সালে গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে ফেরার পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন হার্দিক। ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্তে রোহিত শর্মার পরিবর্তে তাঁকে অধিনায়ক করা হয়। সেই সিদ্ধান্তকে অনেক সমর্থক সহজভাবে মেনে নিতে পারেননি। ফলে মাঠে এবং মাঠের বাইরে দীর্ঘ সময় ধরে সমালোচনা, কটাক্ষ এবং বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়তে হয়েছিল তাঁকে।
রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে যে ড্রেসিংরুম ছেড়ে গিয়েছিলেন, ২০২৪ সালে ফিরে এসে সেখানে সম্পূর্ণ ভিন্ন পরিবেশ দেখতে পান হার্দিক। দলের সংস্কৃতি ও সম্পর্কের সমীকরণেও পরিবর্তন এসেছে বলে তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ অভিযোগ, দলের সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন পাননি তিনি। সূত্রের বক্তব্য, জাতীয় দলে খেলার সময় সিনিয়ররা তাঁর কাছে শতভাগ দায়বদ্ধতা প্রত্যাশা করলেও মুম্বই ইন্ডিয়ান্সে নেতৃত্ব দেওয়ার সময়ে সেই একই সহযোগিতা তিনি পাননি বলে মনে করেছেন হার্দিক।
তবে আগামী মরশুমে তাঁর ভবিষ্যৎ ঠিক কী হবে, তা এখনও স্পষ্ট নয়। তিনি অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে ট্রেডের মাধ্যমে যোগ দেবেন নাকি আইপিএল নিলামে নিজের নাম তুলবেন, সেই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ক্রিকেট মহলের একাংশের দাবি, আগামী আগস্ট মাসের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত ছবি পরিষ্কার হয়ে যেতে পারে।
যদিও এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স বা হার্দিক পান্ডিয়ার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ফলে আপাতত এই জল্পনার উপরই নজর রাখছেন ক্রিকেটপ্রেমীরা।



