নজরবন্দি ব্যুরোঃ তিন কৃষি আইন তুলে নেওয়া হলেও এখনও অবধি কৃষকদের সমস্ত দাবী মেনে নেওয়া হয়নি। তাই সোমবার দেশজুড়ে ‘বিশ্বাসঘাতক দিবস’ পালন করছে সমস্ত কৃষক সংগঠনগুলি। কৃষকদের তরফে সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি জমা দিলেন সর্বভারতীয় কিষাণ সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা। তিনি বলেন, অত্যন্ত দুঃখ এবং যন্ত্রণার সঙ্গে বলছি আরও একবার কৃষকদের প্রতি বঞ্চনা করেছে সরকার।


তিনি আরও বলেন, ২১ নভেম্বর সংযুক্ত কিষাণ মোর্চার তরফে কৃষি আইন বাতিল ছাড়াও ছয়টি ইস্যু সম্পর্কে অবগত করানোর জন্য চিঠি দেওয়া হয়েছিল। এরপরেই কৃষি দফতরের সচিব সঞ্জয় আগরওয়াল ৯ ডিসেম্বর কেন্দ্র সরকারের তরফে একাধিক বিষয়ে আশ্বাস দিয়ে আন্দোলন তুলে নেওয়ার কথা বলেন। সরকারের তরফে সেই আশ্বাস পাওয়ার পরেই আন্দোলন তুলে নেয় সংযুক্ত কিষাণ মোর্চা। কিন্তু তার পর থেকে একটিও প্রতিশ্রুতি পুরণ করেনি সরকার। সেকারণেই সারা দেশ জুড়ে ‘বিশ্বাসঘাতক দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে। আপনি নিজেই বুঝতে আপ্রবেন সরকার কী বলেছিল আর কী করেছে।

রাষ্ট্রপতিকে প্রাক্তন সিপি(আই)এম সাংসদ জানিয়েছেন, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং হরিয়ানা থেকে আসা যে সমস্ত কৃষকদের ওপর মামলা দায়ের করা হয়েছে। সেই মামলা প্রত্যাহার করার কথা বলে হয়েছিল। কিত্নু তা করা হয়নি। এছাড়াও অন্যান্য রাজ্যগুলিতেও কৃষকদের ওপর যে সমস্ত মামলা ছিল তা প্রত্যাহারের কথা জানিয়েছিলেন। সেই কথাও সরকার রাখেনি।



এছাড়াও সরকারের তরফে প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রী আশ্বস্ত করেছিলেন কমিটি গঠন করে এমএসপির বিষয়ে সুনিশ্চিতকরণের কথা বলা হয়েছিল। কিন্তু সেবিষয়ে কোনও অগ্রগতি সরকারের তরফে মেলেনি। একইসঙ্গে উল্লেখ করেন, লাখিমপুর খেরিতে কৃষকদের মৃত্যুর ঘটনায় অন্যতম অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশীষ মিশ্র। তবুও এখনও কেন্দ্র সরকারের মন্ত্রকে রয়েছেন অজয় মিশ্র টেনি।
আরও একবার কৃষকদের প্রতি বঞ্চনা করেছে সরকার, সরকারকে স্মরণ করানোর আর্জি

রাষ্ট্রপতি যাতে নিজে কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি কেন্দ্র সরকারকে মনে করান সেই আর্জি জানিয়েছেন সর্বভারতীয় কিষাণ সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা। এবার সরকার কৃষকদের ধৈর্যের পরীক্ষা নেওয়া বন্ধ করুক। যদি তা না হয়, ফের আন্দোলনের পথে হাঁটতে পারেন কৃষকরা।







