নজরবন্দি ব্যুরো: কাতারের বিশ্বকাপে আর্জেন্টিনা জয় করেছে বহুল কাঙ্ক্ষিত সোনালী ট্রফি। এরকম রোমাঞ্চকর মুহূর্তেও তাতে বাগড়া দিতে বসেছে এক নেতিবাচক খবর। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের সদস্য গঞ্জালো মন্তিয়েলের বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ। ইতোমধ্যে এনিয়ে বেশ আলোড়ন তৈরি হয়েছে ফুটবল বিশ্বে।



সাম্প্রতিক সময়ে ফুটবলের নান্দনিক সৌন্দর্য ম্লান করে দিচ্ছে তারকা ফুটবলারদের নেতিবাচক কর্মকাণ্ড। একের পর এক যৌন নিপীড়ন ও ধর্ষণের দায়ে খবরের শিরোনাম হচ্ছেন ফুটবলাররা। প্রথমে অভিযোগ ওঠে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজের বিরুদ্ধে। চলমান সেই মামলায় তিনি বর্তমানে স্পেনের একটি কারাগারে রয়েছেন।



এরপর মরক্কোর তারকা ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ফ্রান্সে ইতোমধ্যে শুরু হয়েছে তদন্ত কার্যক্রম। এবার এক নারী মডেলার আর্জেন্টাইন ফুটবলার মন্তিয়েলের বিরুদ্ধে তাঁর জন্মদিনে যৌন নির্যাতনের অভিযোগ তুললেন। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম মার্কা এই তথ্য নিশ্চিত করেছে।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! শুরু হয়েছে তদন্ত

সম্প্রতি স্থানীয় রেডিও টেনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেছেন আইনজীবী রাকুয়েল হার্মিদা। তবে নিপীড়নের সেই ঘটনা সাম্প্রতিক সময়ের নয়, ঘটেছিল ২০১৯ সালের ১ জানুয়ারি। সেদিন ছিল মন্তিয়েলের জন্মদিন। সেই উপলক্ষ্যে তিনি বাড়িতে বিশেষ পার্টির আয়োজন করেছিলেন। সেখানেই একদল লোকের দ্বারা যৌন নির্যাতনের শিকার হন ওই নারী।








