রাজনীতির মঞ্চে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু উন্নয়নের প্রশ্নে কোনও বিভাজন নয়— কোলাঘাটের প্রশাসনিক বৈঠক থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ঘাটালের সাংসদ দেব ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের আবেদন জানাতেই মুখ্যমন্ত্রীর স্পষ্ট আশ্বাস, “ঘাটাল মাস্টার প্ল্যানের দায়িত্ব আমার, আমি করে দেব।”
মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় কোলাঘাটের বলাকা মঞ্চে। সেখানে জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে উন্নয়নমূলক একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।


সূত্রের খবর, বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল দীর্ঘ প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান। ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব (দীপক অধিকারী) এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানান মুখ্যমন্ত্রীর কাছে।
জবাবে শুভেন্দু অধিকারী শুধু আশ্বাসই দেননি, দেবকে ব্যক্তিগতভাবেও কাছে টেনে নেন। বৈঠকে তিনি বলেন, “তুমি আমার ব্রাদার। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছ, সেটা পূরণ করার দায়িত্ব আমার। এই প্রকল্পের দায়িত্ব আমার উপর ছেড়ে দাও।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “ভোটের সময়ে রাজনৈতিক লড়াই, আলোচনা এবং বিতর্ক হবে। কিন্তু বছরের বাকি সময় উন্নয়নই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।” তাঁর এই মন্তব্যকে অনেকেই রাজনৈতিক সৌজন্য ও প্রশাসনিক বার্তা হিসেবে দেখছেন।


এদিন প্রশাসনিক বৈঠকে কিছুটা দেরিতে পৌঁছন দেব। দুপুর প্রায় ১২টা ৩ মিনিট নাগাদ বলাকা মঞ্চে পৌঁছে তিনি সরাসরি মূল মঞ্চে আসন গ্রহণ করেন। উপস্থিত ছিলেন সাংসদ জুন মালিয়া, শিউলি সাহা-সহ একাধিক জনপ্রতিনিধি।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবও নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, “২০১৪ সাল থেকে মানুষ আমাকে যেমন দেখেছে, আমি এখনও ঠিক তেমনই আছি। দেব পাল্টায়নি। আমি সবসময় সৌজন্যের রাজনীতি করেছি এবং মানুষের জন্য কাজ করেছি।”
ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গে তিনি জানান, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে এলাকার মানুষের স্বার্থেই তিনি বিষয়টি সরকারের সামনে তুলে ধরেছেন। তাঁর কথায়, “ঘাটালের মানুষের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ। তাই তাঁদের দাবি ও প্রয়োজনের কথা তুলে ধরা আমার দায়িত্ব।”
দীর্ঘদিন ধরে বন্যা সমস্যায় জর্জরিত ঘাটালবাসীর কাছে ঘাটাল মাস্টার প্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচিত হয়। কোলাঘাটের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর সেই প্রকল্প বাস্তবায়ন নিয়ে নতুন করে আশার আলো দেখছেন এলাকার বাসিন্দারা।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



