গড়িয়াহাটে পুরমন্ত্রীর কড়া বার্তা, দোকানের সামনে ময়লা থাকলেই জরিমানা

গড়িয়াহাট বাজার পরিদর্শনে গিয়ে পরিচ্ছন্নতা, অবৈধ দখল, প্লাস্টিক ব্যবহার ও পার্কিং নিয়ে কঠোর অবস্থান নিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এক সপ্তাহের মধ্যে নিয়ম না মানলে কড়া পদক্ষেপের ইঙ্গিত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জামাইষষ্ঠীর ব্যস্ততা কাটতে না কাটতেই কলকাতার অন্যতম ব্যস্ত বাজার গড়িয়াহাটে আচমকা পরিদর্শনে হাজির হলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সোমবার সকালেই পুর দপ্তরের আধিকারিকদের নিয়ে বাজার ঘুরে দেখেন তিনি। বাজারের বিভিন্ন অংশে অপরিচ্ছন্নতা ও অনিয়ম দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী এবং ব্যবসায়ীদের স্পষ্ট বার্তা দেন— দোকানের সামনে ময়লা থাকলে জরিমানা অবশ্যম্ভাবী।

বাজার পরিদর্শনের সময় প্রতিটি দোকান ঘুরে দেখেন অগ্নিমিত্রা। তিনি জানান, দোকানের সামনের অংশ পরিষ্কার রাখার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরই। কোথাও আবর্জনা বা নোংরা জমে থাকতে দেখা গেলে সরাসরি জরিমানা করা হবে। বাজারকে আরও পরিচ্ছন্ন ও ক্রেতাবান্ধব করে তুলতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি।

পরিদর্শনের সময় বাজারের মধ্যে অবৈধভাবে দোকান সম্প্রসারণের বিষয়টিও নজরে আসে। যাঁরা বরাদ্দ জায়গার বাইরে দোকান বিস্তার করেছেন, তাঁদের এক সপ্তাহের মধ্যে সেই অতিরিক্ত অংশ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম না মানলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন মন্ত্রী।

বিশেষ করে মাছ ও মাংসের দোকানগুলিতে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। প্রতিটি দোকানে ডাস্টবিন রাখা বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দোকানের মাঝখানে নিকাশি নালা তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি, যাতে বর্জ্য দ্রুত নিষ্কাশন করা যায়।

পুরমন্ত্রী জানান, আগামী দিনে শুধু গড়িয়াহাট নয়, কলকাতার সমস্ত বাজারেই একই ধরনের পরিদর্শন চালানো হবে। বাজারগুলিতে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা শৌচাগার, পিচ্ছিল মেঝে এড়াতে বড় স্ল্যাব বসানো এবং নিয়মিত সাফাইয়ের ব্যবস্থা করা হবে। তাঁর দাবি, দিনে অন্তত তিনবার বাজার পরিষ্কার করবেন সাফাই কর্মীরা।

বাজারের ভিতরে অবৈধ পার্কিং এবং সাইকেল-বাইক প্রবেশ নিয়েও কড়া অবস্থান নিয়েছে পুর দপ্তর। মন্ত্রীর নির্দেশ, প্রতিটি বাজারের বাইরে নির্দিষ্ট সাইকেল ও বাইক স্ট্যান্ড তৈরি করতে হবে। ক্রেতা ও ব্যবসায়ীদের সেই নির্দিষ্ট জায়গাতেই যানবাহন রাখতে হবে।

এছাড়াও বাজারের ভিতরে ঝুলন্ত ত্রিপল সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থার উন্নয়ন এবং বাজারে স্থায়ী শেড তৈরির বিষয়েও পুর দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে আরও একবার কঠোর বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা পাল। তিনি জানান, বাজারে প্লাস্টিক ব্যবহার ধরা পড়লে ২০০ টাকা জরিমানা করা হবে। ক্রেতাদের সুবিধার জন্য বাজারে ব্যাগ ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনাও রয়েছে, যাতে কেউ ব্যাগ আনতে ভুলে গেলে সেখান থেকে নির্দিষ্ট মূল্যে ব্যাগ কিনতে পারেন।

পরিদর্শনের শেষে পুরমন্ত্রী স্পষ্ট করে দেন, শুধু বাজার নয়, শহরের সর্বত্র পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। রাস্তায় আবর্জনা ফেলা, থুতু ফেলা বা প্রকাশ্যে প্রস্রাব করার মতো কাজের ক্ষেত্রেও জরিমানার বিধান কার্যকর থাকবে। শহরকে আরও পরিচ্ছন্ন ও আধুনিক করে তুলতেই এই অভিযান জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর