ফুটপাতে গাড়ি বা বাইক রাখলেই কেস ও জরিমানা, বেআইনি পার্কিং রুখতে কড়া বার্তা অগ্নিমিত্রার

বেআইনি পার্কিং ও ফুটপাত দখলের বিরুদ্ধে কড়া অবস্থান রাজ্য সরকারের। কলকাতায় আকস্মিক পরিদর্শনে গিয়ে আইন ভাঙলে মামলা ও জরিমানার হুঁশিয়ারি দিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতায় (Kolkata) বেআইনি পার্কিং এবং ফুটপাত দখল রুখতে আরও কড়া অবস্থান নিল রাজ্য সরকার। ফুটপাতে গাড়ি বা মোটরবাইক দাঁড় করালে আর কোনও ছাড় নয়—সরাসরি মামলা এবং জরিমানা করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Pal)। শহরের রাস্তায় অবৈধ পার্কিং কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলেও সতর্কবার্তা দিয়েছেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর থেকেই নিয়মিত কলকাতার বিভিন্ন এলাকায় আকস্মিক পরিদর্শনে বের হচ্ছেন অগ্নিমিত্রা পাল। নিকাশি ব্যবস্থা, রাস্তার অবস্থা, ফুটপাত দখল, বেআইনি পার্কিং-সহ নাগরিক পরিষেবার বিভিন্ন বিষয় তিনি সরেজমিনে খতিয়ে দেখছেন। কোথাও অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিচ্ছেন।

শনিবার রাতে ফের পুলিশকে সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন এলাকায় পরিদর্শনে যান মন্ত্রী। নন্দন (Nandan) থেকে ক্যাথিড্রাল রোড (Cathedral Road) পর্যন্ত এলাকায় গিয়ে বেআইনি পার্কিংয়ের পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। এ সময় ফুটপাত ও রাস্তার নিয়ম ভেঙে পার্ক করা গাড়ির চালকদের সতর্কও করেন।

পরিদর্শনের পর অগ্নিমিত্রা পালের স্পষ্ট বক্তব্য, “ফুটপাতে গাড়ি বা বাইক রাখলেই মামলা করে জরিমানা করা হবে।” তাঁর মতে, সাধারণ মানুষের চলাচলের জন্য ফুটপাত ফাঁকা রাখা জরুরি এবং আইন অমান্য করে পার্কিং করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ফুটপাত দখল এবং হকারদের বিষয়েও এদিন মন্তব্য করেন মন্ত্রী। তিনি জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ইতিমধ্যেই পুজো পর্যন্ত হকারদের কিছুটা সময় দেওয়ার কথা বলেছেন। দুর্গাপুজোর পর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার সকালে নগরোন্নয়ন ভবন (Nagarayan Bhavan)-এ আয়োজিত ‘মুখোমুখি’ কর্মসূচিতেও অংশ নেন অগ্নিমিত্রা পাল। সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষের অভিযোগ শোনেন তিনি।

মন্ত্রী জানান, এদিন প্রায় ৪০টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে অধিকাংশই ছিল অবৈধ নির্মাণ সংক্রান্ত। মহেশতলা (Maheshtala), বারুইপুর (Baruipur) এবং সোনারপুর (Sonarpur)-সহ একাধিক এলাকা থেকে অভিযোগ এসেছে। প্রতিটি অভিযোগ দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

শহরে বেআইনি পার্কিং, ফুটপাত দখল এবং অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরকারের এই কড়া অবস্থান আগামী দিনে আরও সক্রিয়ভাবে কার্যকর হবে বলেই প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন