নজরবন্দি ব্যুরোঃ ফের একবার কলকাতা নাইট রাইডার্স টিমের সঙ্গে যুক্ত হলেন গৌতম গম্ভীর। আগামী আইপিএল মরশুমের জন্য নাইটদের মেন্টর হলেন প্রাক্তন অধিনায়ক। শাহরুখ খানের হাত ধরেই কলকাতায় প্রত্যাবর্তন হল গম্ভীরের। এর আগে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন তিনি।
আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২২ নভেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য


গম্ভীরকে দায়িত্ব দিয়ে শাহরুখ খান বলেছেন, “গম্ভীর আমাদের পরিবারের সদস্য ছিল। অধিনায়ক থেকে মেন্টর হল ও। গম্ভীরের অভাব বোধ করছিলাম আমরা। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে গম্ভীরের জুটি দেখার জন্য মুখিয়ে আছি। ওরা হারতে জানে না। কেকেআরের জন্য ওরা ম্যাজিক তৈরি করবে।”

অন্যদিকে, কেকেআরে নতুন দায়িত্ব পেয়ে গম্ভীর বলেছেন, “আমি আবেগে ভেসে যাই না। কিন্তু এই ঘটনা আমার মধ্যেও আবেগ এনে দিয়েছে। আমি সেই জায়গায় ফিরে গিয়েছি, যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল। আমার গলা বুজে আসছে। কিন্তু বুকে আগুন অনুভব করছি এটা ভেবে যে, আবার কেকেআরের জার্সি পরতে পারব। আমি শুধু কেকেআরে ফিরছি না। আমি কলকাতায় ফিরছি। জয়ের খিদে নিয়ে ফিরছি। আমি কেকেআরের ২৩ নম্বর। আমি কেকেআর।”



কলকাতায় প্রত্যাবর্তন, নাইটদের নতুন মেন্টর হলেন গম্ভীর
প্রসঙ্গত, ২০১২ ও ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন গম্ভীর। তাঁর আমলেই দু’বার আইপিএল শিরোপা জেতে কেকেআর। আগের মরশুমেও গম্ভীর ছিলেন লখনউয়ের মেন্টর। এবার ফের কলকাতায় গম্ভীর। কেকেআর ফ্যানরাও বিষয়টিকে নিয়ে যথেষ্ট উত্তেজিত। এখন মেন্টর হিসাবে গম্ভীর কতটা সাফল্য পান সেটাইi দেখার।








