‘১০০% খাঁটি’ দাবিতে বড় ধাক্কা ডাবরকে! ঘি, মধু-সহ একাধিক পণ্যের বিক্রিতে নিষেধাজ্ঞা FSSAI-এর, ১৫ দিনের আল্টিমেটাম

'১০০ শতাংশ খাঁটি' ও '১০০ শতাংশ প্রাকৃতিক' দাবিকে বিভ্রান্তিকর বলে ডাবরের একাধিক খাদ্যপণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে FSSAI। ১৫ দিনের মধ্যে সংশোধনমূলক পদক্ষেপের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘১০০ শতাংশ খাঁটি’ বা ‘১০০ শতাংশ প্রাকৃতিক’— এমন দাবি করে বাজারজাত করা একাধিক খাদ্যপণ্য নিয়ে কড়া অবস্থান নিল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (Food Safety and Standards Authority of India বা FSSAI)। বিভ্রান্তিকর বিজ্ঞাপন ও লেবেলিংয়ের অভিযোগে ডাবর ইন্ডিয়া লিমিটেড (Dabur India Limited)-এর ঘি, মধু, অ্যাপল সাইডার ভিনেগার-সহ একাধিক খাদ্যপণ্যের বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা। একই সঙ্গে সংস্থাকে ১৫ দিনের মধ্যে সংশোধনমূলক পদক্ষেপের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার প্রকাশিত নির্দেশিকায় FSSAI জানিয়েছে, ডাবরের বিভিন্ন খাদ্যপণ্যের লেবেল ও ওয়েবসাইটে ‘১০০ শতাংশ প্রাকৃতিক’, ‘১০০ শতাংশ বিশুদ্ধ’, ‘১০০ শতাংশ বিশুদ্ধতার নিশ্চয়তা’, ‘১০০ শতাংশ অর্গানিক’ এবং ‘১০০ শতাংশ কচি ডাবের জল’-এর মতো দাবি করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার মতে, এই ধরনের প্রচার ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (অ্যাডভারটাইজিং অ্যান্ড ক্লেইমস) রেগুলেশনস, ২০১৮-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে।

নিষেধাজ্ঞার আওতায় এসেছে ডাবরের মধু, গরুর দুধের ঘি, অ্যাপল সাইডার ভিনেগার, ভার্জিন কোকোনাট অয়েল, তিলের তেল, ডাবের জল এবং নারকেলের দুধ-সহ একাধিক খাদ্যপণ্য। FSSAI জানিয়েছে, মিশ্র খাদ্যপণ্যের ক্ষেত্রে ‘১০০ শতাংশ’ ধরনের দাবি করার অনুমতি বর্তমান বিধিতে নেই।

তদন্তে আরও জানা গেছে, ‘ডাবর হিমালয়ান অর্গানিক অ্যাপল সাইডার ভিনেগার’ এবং ‘ডাবর অর্গানিক হানি’-র ক্ষেত্রে বৈধ জৈব শংসাপত্র ছাড়াই ‘জৈবিক ভারত’ (Jaivik Bharat)-এর লোগো ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ। এছাড়া ‘ডাবর হোমমেড কোকোনাট মিল্ক’-এর ক্ষেত্রেও ‘১০০ শতাংশ বিশুদ্ধতা’র দাবি নিয়ে আপত্তি তুলেছে FSSAI।

নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এর আগেও একই ধরনের বিভ্রান্তিকর দাবি প্রত্যাহারের জন্য ডাবরকে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু সংস্থার তরফে সন্তোষজনক সংশোধনী পদক্ষেপ না মেলায় এবার কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

FSSAI নির্দেশ দিয়েছে, নোটিশে উল্লিখিত পণ্যগুলির পাশাপাশি যেসব খাদ্যপণ্যে একই ধরনের বিভ্রান্তিকর ‘১০০ শতাংশ’ দাবি করা হয়েছে, সেগুলির বিক্রিও অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি ১৫ দিনের মধ্যে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে।

অন্যদিকে, ডাবর জানিয়েছে তারা FSSAI-এর নোটিশ পেয়েছে এবং ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত দাবি ও বিষয়বস্তু পর্যালোচনা করছে। সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, নিয়ন্ত্রক সংস্থার পর্যবেক্ষণ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে FSSAI খাদ্যপণ্যের বিজ্ঞাপন ও লেবেলিং সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে একাধিক সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। খাদ্য নিরাপত্তা ও ভোক্তা স্বার্থ রক্ষায় এই ধরনের নজরদারি আরও জোরদার করা হচ্ছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন