বাংলার মহিলাদের জন্য বড় সুখবর। আগামী ১ জুন থেকেই রাজ্যের সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। নির্বাচনের আগে বিজেপির দেওয়া অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল এটি। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতিই কার্যকর করতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। ফলে প্রতিদিন অফিস, পড়াশোনা বা অন্যান্য কাজে যাতায়াত করা লক্ষ লক্ষ মহিলার বড় সাশ্রয় হতে চলেছে।
বাংলার জন্য ‘সংকল্পপত্র’ প্রকাশের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হবে। নতুন সরকার গঠনের পর এবার সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের কথা জানাল রাজ্য সরকার।


জানা গিয়েছে, আগামী ১ জুন থেকেই রাজ্যের মহিলারা সরকারি বাসে কোনও ভাড়া ছাড়াই যাতায়াত করতে পারবেন। অর্থাৎ সরকারি বাসে উঠলেই আর টিকিট কাটতে হবে না মহিলাদের।
রাজনৈতিক মহলের মতে, মহিলাদের জন্য আর্থিক স্বস্তি এবং গণপরিবহণ ব্যবহারে উৎসাহ বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে প্রতিদিন কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান বা বাজারে যাতায়াত করা মহিলাদের জন্য এটি বড় সুবিধা হতে পারে।
যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়নি। কোন কোন বাস এই প্রকল্পের আওতায় আসবে, কীভাবে সুবিধা মিলবে বা কোনও বিশেষ পরিচয়পত্র লাগবে কি না— সেই বিষয়ে স্পষ্ট ঘোষণা এখনও বাকি।


তবে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত, প্রথম পর্যায়ে রাজ্য পরিবহণ নিগমের সরকারি বাসগুলিতেই এই পরিষেবা চালু হতে পারে। পরে ধাপে ধাপে আরও পরিবহণ ব্যবস্থাকে এর আওতায় আনা হতে পারে।
নতুন বিজেপি সরকারের একের পর এক জনমুখী ঘোষণার মধ্যে এই সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এর আগে মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর মাধ্যমে মাসে ৩০০০ টাকা দেওয়ার ঘোষণাও করেছে সরকার।







