আজ, ১৩মে চতুর্থ দফায় দেশের ৯৬টি কেন্দ্রে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোট হচ্ছে দেশের ৯টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। যার মধ্যে এ রাজ্যের আটটি কেন্দ্রে চলছে ভোট। বহরমপুর, বোলপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল এবং বীরভূম। ভোট চলল সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
আরও পড়ুন: অভিযুক্ত অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করল সিবিআই


উত্তরবঙ্গ থেকে ভোট যত দক্ষিণের দিকে আসছে, ততই যেন চেনা ছবি দেখা যাচ্ছে বাংলায়। চতুর্থ দফায় ছাপ্পা থেকে শুরু করে অশান্তি, রক্তারক্তিকাণ্ড কিছুই বাকি গেল না। বিশেষ করে বর্ধমান-দূর্গাপুর কেন্দ্রের তুল্ল্যা বাজার কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করল। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে কেন্দ্র করে শুরু হয় বিক্ষোভ। কেন্দ্রীয় বাহিনীর লাঠির আঘাতে গুরুতর চোট পান এক তৃণমূল কর্মী।

অন্যদিকে, বীরভূমের হাসনেও বিজেপি সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কৃষ্ণনগরের চিত্রটাও কমবেশি একই রকম। বীরভুমেও বিজেপির এজেন্ট বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন বলে প্রার্থী দেবতনু ভট্টাচার্য অপেক্ষা করছেন একটি বুথে।



ছাপ্পা-অশান্তি-রক্তারক্তিতে শেষ চতুর্থ দফা, কত শতাংশ ভোট পড়ল বাংলায়?
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিকাল ৫টা পর্যন্ত দেশের ৯৬টি লোকসভা কেন্দ্রে সামগ্রিক ভাবে ৬২.৩০ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে বাংলায় ভোটদানের হারে এগিয়ে বোলপুর। বিকাল ৫টা পর্যন্ত সেখানে ৭৭.৭৭ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে রানাঘাট কেন্দ্র। সেখানে পড়েছে ৭৭.৪৬ শতাংশ ভোট।

এই একই সময়ের মধ্যে বহরমপুরে ৭৫.৩৬ শতাংশ, কৃষ্ণনগরে ৭৭.২৭ শতাংশ, বর্ধমান পূর্বে ৭৭.৩৬ শতাংশ, বর্ধমান-দুর্গাপুরে ৭৫.০২ শতাংশ, আসানসোলে ৬৯.৪৩ শতাংশ এবং বীরভূমে ৭৫.৪৫ শতাংশ ভোট পড়েছে। ৫টা পর্যন্ত আট কেন্দ্রে সামগ্রিক ভাবে ৭৫.৬৬ শতাংশ ভোট পড়েছে।








