সরকারি কাজে অনিয়ম ও গাফিলতির বিরুদ্ধে এবার আরও কঠোর অবস্থান নিল রাজ্য প্রশাসন। দুর্নীতির অভিযোগে চার সরকারি আধিকারিককে একযোগে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। ধান-চাল বণ্টন, ত্রিপল বিতরণ এবং বালি সংক্রান্ত একাধিক অভিযোগের জেরে এই পদক্ষেপ বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
নবান্ন সূত্রের খবর, প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিভিন্ন দফতরের কাজকর্ম খতিয়ে দেখা হচ্ছিল। সেই পর্যালোচনার ভিত্তিতেই একাধিক অনিয়ম সামনে আসার পর চার আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।


খাদ্য দফতরের তদন্তে উঠে এসেছে, ২০২৩-২৪ অর্থবর্ষে ধান সংগ্রহ এবং চাল সরবরাহ সংক্রান্ত কাজে বেশ কিছু অসঙ্গতি ছিল। অভিযোগ, সরকারি ধান সংগ্রহের পর তার সমপরিমাণ চাল সংশ্লিষ্ট রাইস মিলগুলির কাছ থেকে আদায় করা হয়নি।
তদন্তকারী সংস্থার দাবি, এই বিষয়ে প্রয়োজনীয় নজরদারি ও প্রশাসনিক পদক্ষেপ নিতে ব্যর্থ হন দুই ‘ডিস্ট্রিক্ট কন্ট্রোলার অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ’। প্রাথমিক তদন্তে অভিযোগের ভিত্তি পাওয়া যাওয়ায় তাঁদের সাসপেন্ড করা হয়েছে।
শুধু সরকারি আধিকারিকরাই নন, এই ঘটনায় জড়িত বলে সন্দেহভাজন কয়েকটি রাইস মিলের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে বলে খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে। ফলে তদন্তের পরিধি আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।


অন্যদিকে, বিপর্যয় মোকাবিলা দফতরের এক উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে ত্রিপল বিতরণে হিসাবের গরমিলের অভিযোগ উঠেছে। অভিযোগ, গত অর্থবর্ষে ত্রাণসামগ্রী হিসেবে বিতরণ করা ত্রিপলের সঠিক হিসাব প্রশাসনের কাছে জমা দিতে পারেননি তিনি।
এই অভিযোগের প্রাথমিক সত্যতা মিলতেই সংশ্লিষ্ট আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। প্রশাসনিক মহলের মতে, ত্রাণ বণ্টনের মতো স্পর্শকাতর ক্ষেত্রে কোনও রকম অনিয়ম বরদাস্ত করতে রাজি নয় সরকার।
এদিকে বীরভূমে বালি উত্তোলন ও সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমে অনিয়মের অভিযোগে এক বিএলআরও-র বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মেলায় তাঁকেও সাসপেন্ড করার নির্দেশ জারি হয়েছে।
প্রশাসনের একাংশের মতে, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিকেই সামনে রেখে এই পদক্ষেপ নিয়েছে সরকার। সরকারি সম্পদের সুরক্ষা, স্বচ্ছ প্রশাসন এবং দায়বদ্ধতা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন অভিযান ও তদন্ত চলবে বলে নবান্নের অন্দরমহল থেকে ইঙ্গিত মিলেছে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



