নজরবন্দি ব্যুরোঃ একতরফা জোট সিপিএমের, ক্ষুব্ধ ফরওয়ার্ড ব্লক ডাক দিল বামফ্রন্ট ভাঙার। কংগ্রেসের সাথে জোট আগেই ছিল। ভোটের ঠিক আগে সেই জোট আরও বাড়াতে পিরজাদা আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে হাত মিলিয়ে সংযুক্ত মোর্চা গড়ে তোলে বামফ্রন্টের প্রধান শরিক দল সিপিআইএম। সেই জোট নিজেদের দলের একাংশ ছাড়াও মানতে পারেনি বামফ্রন্টের অধিকাংশ শরিক দলগুলি। এমনকি এই জোট নিয়ে ক্ষোভ ছিল আরেক জোটের শরিক কংগ্রেসের অন্দরমহলে। বিধানসভা ভোটে কংগ্রেস ও বামফ্রন্ট মুখ থুবড়ে পড়ে।
আরও পড়ুনঃ মমতাময়ী মুখ্যমন্ত্রী, এবার থেকে করোনায় মৃতের দেহ পাবে তার পরিবার।
খাতা খুলতে না পারায় কপালে একটিও আসন জোটে না। এরপরেই বাকি শরিক দল ক্ষোভে ফেটে পরে। বেশিরভাগ কর্মীরাই মনে করেন এই অসম জোটই রাজ্যে ভরাডুবির প্রধান কারণ। আর এবার একধাপ এগিয়ে বামফ্রন্ট ভাঙার দাবি তুলেছে অন্যতম শরিক দল নেতাজীর ফরওয়ার্ড ব্লক। এই জোটের সিদ্ধান্ত একতরফা সিপিএমের নেওয়া তাই এই ফ্রন্ট রাখার আর কোন মানে হয় না এমনই যুক্তি দিয়েছে ক্ষুব্ধ শরিক দল। আলিমুদ্দিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তাঁদের মনোভাবের কথা স্পষ্ট করে দিলেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। শনিবার বামফ্রন্টের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে আপাতত ছোট শরিককে আশ্বস্ত করেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা। প্রসঙ্গত গত মাসের মাঝামাঝি ভোটে বিপর্যয়ের কারন অনুসন্ধানে বৈঠকে বসে বামফ্রন্ট নেতৃত্ব। শরিকদের তোপের মুখে পড়ে তখনকার মতো পিছু হটে আলিমুদ্দিন।
তখনই বামফ্রন্টের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে ফ্রন্টের দুই ছোট শরিক ফরওয়ার্ড ব্লক ও আরএসপি। বড় শরিকের দাদাগিরি মনোভাব চলছেই বলে অভিযোগ তোলে ছোট শরিকরা। কঠিন পরিস্থিতিতে তখনকার মত বাতিল করা হয় সভা। আগামীকাল শনিবার বামফ্রন্টের বৈঠক ডেকেছেন বিমান বসু। খবর পেয়েই তেলেবেগুনে চটে যায় ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। যেভাবে ভোটে ভরাডুবি হয়েছে তাতে বামফ্রন্ট রাখার প্রয়োজন নেই বলে আলিমুদ্দিনকে জানিয়ে দেয় নেতাজির পার্টির নেতারা।
ফোনে দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বৈঠকে হাজির থাকার বিষয়ে তাঁদের আপত্তির কথা জানিয়ে দেন ফ্রন্ট চেয়ারম্যানকে। এরপরই ফ্রন্টের এই শরিককে দ্বিপাক্ষিক বৈঠকে বসার আহ্বান জানান বিমান বসু। বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে সিপিএমের বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রে অন্তর্ঘাতের অভিযোগ তোলেন নরেনরা। অনেক সিপিএম নেতা-কর্মী ভোটের দিন পর্যন্ত বাড়িতে বসে থেকেছে। অভিযোগ করে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব বলে খবর আলিমুদ্দিন সূত্রে। ফ্রন্টের নিচুতলাতেই যদি ঐক্য গড়ে না ওঠে তাহলে ফ্রন্ট ভেঙে দেওয়া হোক।
একতরফা জোট সিপিএমের, ক্ষুব্ধ ফরওয়ার্ড ব্লক ডাক দিল বামফ্রন্ট ভাঙার। ফব নেতারা এমনই দাবি জানান বলে জানা গিয়েছে। শনিবার এই নিয়ে বিস্তারিত আলোচনার আশ্বাস দিয়ে আপাতত এই ভাঙ্গন ঠেকিয়েছেন বিমান বাবু। আপাতত রাজ্য রাজনীতির নজর থাকবে আগামী শনিবারের বৈঠকের দিকে।



