নজরবন্দি ব্যুরোঃ বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে ব্যাপক সাফল্যে। তারপর তৃতীয়বারের জন্য রাজ্যে সরকার গঠন করার পরেই দেশের রাজনীতিতে নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে অধিষ্ঠিত হয়েই ডায়মণ্ড হারবারের সাংসদ। তাঁর নেতৃত্বে বিভিন্ন রাজ্যে নিজেদের সংগঠন বাড়ানোর চেষ্টা করে চলেছে তৃণমূল। প্রাথমিক টার্গেট ত্রিপুরা হলেও তালিকায় রয়েছে গোয়া। সেই গোয়ারই প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ এক ঝাঁক কংগ্রেস নেতা যোগ দিলেন তৃণমূলে।
আরও পড়ুনঃ গুজরাট, উত্তরপ্রদেশ, কর্নাটকে পিছনে ফেলে GDP বৃদ্ধিতে এগিয়ে গেল বাংলা
অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে গত সপ্তাহে গোয়ায় গিয়েছিলেন তৃণমূলের দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) এবং প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasoon Banerjee)। গোয়ায় গিয়ে এই দুই সাংসদ দেখা করেছেন গোয়ার সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে। আলোচনা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে। তারই ফলশ্রুতি এই যোগদান।
আজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেরো (Luizihno Faleiro) সহ রাজ্যের শীর্ষস্তরীয় কংগ্রেস নেতৃত্ব। তাঁদের মধ্যে আছেন গোয়া কংগ্রেসের সাধারণ সচিব যতীশ নায়েক, বিজয় পোই, মারিও পিন্টো দি সান্তনা ও আনন্দ নায়েক। গোয়া পুলিশের প্রাক্তন কর্তা তথা প্রাক্তন বিধায়ক লোভো মামলেদারও তৃণমূলে যোগ দিয়েছেন আজ।
প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ এক ঝাঁক কংগ্রেস নেতা যোগ দিলেন তৃণমূলে, গোয়ায় গো অন TMC!

প্রসঙ্গত তৃণমূল ইতিমধ্যেই গোয়ায় রাজনৈতিক কার্যকলাপ শুরু করেছে। রবিবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার সভায় একথা নিজেই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ যোগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সৌগত রায়, সুব্রত মুখোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেওয়ার আগে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করেন ফ্যালিরো।



