নজরবন্দি ব্যুরোঃ কলকাতার ৭০ শতাংশ মানুষ ভ্যাকসিন পেয়েছেন, কিন্তু ফের একবার কেন্দ্রের প্রতি বঞ্চনার অভিযোগ তুললেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন এক অনুষ্ঠানে রাজ্যে ভ্যাকসিন কম পাঠানোর জন্য কেন্দ্রকেই দায়ী করেছেন ফিরহাদ হাকিম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,
‘করোনার জন্য অন্য ভ্যাকসিনেশন প্রোগ্রাম বন্ধ নেই। সব রকমের টিকা দায়িত্ব নিয়ে দেওয়া হচ্ছে। এখনও কলকাতার ৭০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হয়েছে। ভ্যাকসিন সঠিক পরিমাণে পাওয়া গেলে সেটা ১০০ শতাংশ হয়ে যাবে। কিন্তু চাহিদার তুলনায় ভ্যাকসিনের যোগান অনেক কম। আমরা রোজ ৫০ হাজার মানুষকে ভ্যাকসিন দিতে চাই।
আরও পড়ুনঃ ভ্যাকসিন কান্ডে নয়া মোড়, ভ্যাকসিন যে ভুয়ো তার প্রমাণ কি? জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে
কিন্তু গড়ে ২৫ হাজার করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সঠিক পরিমাণ ভ্যাকসিন পেলে এতদিনে কলকাতার সব মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়ে যেত। যা ভ্যাকসিন চেয়েছি, তার অর্ধেক পাওয়া যাচ্ছে।’ কলকাতার শহরের বস্তিবাসীদের মধ্যে মাত্র ২১ শতাংশের টিকাকরণ সম্ভব হয়েছে, সাংবাদিকদের এমন পরিসংখ্যান সংক্রান্ত প্রশ্নের জবাবে ফিরহাদ বলেন, ‘বস্তির ক্ষেত্রে ফ্রন্ট লাইন ওয়ার্কার হিসেবে প্রথমে তাদের অনেককেই টিকা দেওয়া হয়েছে। তা ছাড়া বেশির ভাগ ক্ষেত্রেই ৪৫ বছরের ঊর্ধ্বে টিকা দেওয়ার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। এ ভাবেই বস্তি এলাকা অনেকটাই কভার হয়ে গেছে।
কলকাতার ৭০ শতাংশ মানুষ ভ্যাকসিন পেয়েছেন, কিন্তু টিকা হাতে না পেলে কী ভাবে টিকা দেব? বললেন ফিরহাদ
আমাদের পুরসভার দল বিভিন্ন বস্তিতে গিয়ে টিকাকরণ নিয়ে সচেতনতার কথা বলে টিকা দেওয়ার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা টিকাকরণ চাইছি সবার জন্য। পর্যাপ্ত টিকা পেলে আমরা সবাইকে টিকা দিয়ে দেব। টিকা হাতে না পেলে কী ভাবে টিকা দেব?”



