নজরবন্দি ব্যুরোঃ বঙ্গে শুরু কোভ্যাক্সিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল, প্রথম টিকা নিলেন কলকাতা পুরোসভার প্রশাসক ফিরহাদ হাকিম। পরীক্ষামূলক প্রয়োগের জন্য হায়দরাবাদ থেকে আনা হয়েছে ১ হাজার টিকা। কো-ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল ডিসেম্বর থেকে শুরু হয়েছে। সেই কারণেই ১ হাজার টিকা আনা হয়েছে কলকাতায়। আপাতত এই টিকাগুলি নাইসেডে রাখা হয়েছে। নাইসেডের তরফ থেকে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমকে স্বেচ্ছাসেবী হওয়ার আহ্বান করা হয়েছিল।
আরও পড়ুনঃ একরাতেই মতবদল! অমিত শাহের ফোনেই ভোলবদল শুভেন্দুর?


পরে ফিরহাদ জানান, বাংলার মানুষের জন্য ‘এটুকু করতে পারলে নিজেকে ধন্য মনে করব’। আর এবার সেই টিকা গ্রহণের তারিখ ঠিক হয়ে গেল। আর আজ কলকাতায় প্রথম ব্যক্তি হিসাবে টিকা নেবেন ফিরহাদ হাকিম। বুধবার বিকেল ৪টে নাগাত টিকার প্রথম ডোজ দেওয়া হয় তাঁকে। উল্লেখ্য,দেশের বিভিন্ন রাজ্যের ২৫টি ক্লিনিকে তৃতীয় পর্বের বৃহত্তর ট্রায়াল করছে ভারত বায়োটেক। তৃতীয় পর্বে ২৬ হাজার জনকে টিকা দেওয়া হচ্ছে। দিল্লি, হায়দরাবাদে ট্রায়াল শুরু হয়ে গেছে।
এবার পশ্চিমবঙ্গেও টিকার ট্রায়াল শুরু হল। স্বেচ্ছাসেবকদের কলকাতার আইসিএমআর-নাইসেডে টিকার ইঞ্জেকশন দেওয়া হবে। প্রসঙ্গত নাইসেডের তরফে জানা গিয়েছে ভারতবর্ষের বিভিন্ন শহরের মেয়রদের টিকা নেওয়ার জন্যে আহ্বান জানানো হলেও অনেকে রাজি হননি। কিন্তু প্রথম প্রস্তাবেই সাড়া দিয়েছেন ফিরহাদ। তাঁর বয়েস এখন ষাটের গোড়ায়। সামান্য পেটের সমস্যা ছাড়া কোন সমস্যা নেই তাঁর শরীরে।
টিকা নিয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন, “একদম সুস্থ আছি। অনেকে ভয় পাচ্ছিলেন। কিন্তু এই তো টিকা নিয়ে বেশ ভাল আছি। মানুষের জন্যে কাজ করেছি।” এরপর ভূপেন হাজারিকার বিখ্যাত গানের লাইন উচ্চারন করে ফিরহাদ বলেন, “মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে।”










