সামনেই লোকসভা নির্বাচন। আজ ঘোষণা হবে নির্বাচনের দিনক্ষণ। ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে রাজ্যের শাসকদল। ২০ আসনে প্রার্থী ঘোষণা করেছে রাজ্যের বিরোধী দল। সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে নির্বাচনী বন্ড নিয়ে তথ্য প্রকাশ করেছে এসবিআই। সেই তথ্য প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনী বন্ডের তথ্য অনুসারে সবচেয়ে বেশী আর্থিক অনুদান পেয়েছে বিজেপি।

আরও পড়ুন : জোট জট কাটাচ্ছে বাম- কংগ্রেস! দক্ষিণ কলকাতা বামেদের ছেড়েছে কংগ্রেস
শুক্রবার এই নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বললেন, “ভারতীয় রাজনীতিতে কালো টাকার যে প্রতিপত্তি ছিল, তা দূর করতেই নির্বাচনী বন্ড আনা হয়েছিল। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে সবাই গ্রহণ করেছে। আমিও সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে সম্পূর্ণ সম্মান করি। তবে আমার মনে হয়, নির্বাচনী বন্ড সম্পূর্ণভাবে বাতিল করার বদলে এটা পরিবর্তন করা যেত।”

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারী সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ ঐতিহাসিক রায়ের মাধ্যমে ঘোষণা করেন নির্বাচনী বন্ড অসাংবিধানিক। এই আবহে ৪ মার্চের মধ্যে নির্বাচনী বন্ড (Electoral Bond) নিয়ে যাবতীয় তথ্য জমা করতে নির্দেশ করা হয়েছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে। তবে এই তথ্য জমা দেওয়ার জন্য আগামী ৩০ জুন পর্যন্ত সময় চেয়েছিল দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক।

নির্বাচনী বন্ড অসাংবিধানিক, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় নিয়ে কী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী?
সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কোনও টালবাহানা নয়, ১২ মার্চের মধ্যে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনকে (Election Commission) দিতে হবে স্টেট ব্যাঙ্ককে (SBI)। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ১৫ মার্চ বিকেল ৫ টার মধ্যে নিজেদের ওয়েবসাইটে এই সংক্রান্ত নথি প্রকাশ্যে আনে নির্বাচন কমিশন।



