ভোটের আগে কড়া বার্তা নির্বাচন কমিশনের! আচরণবিধি মানতে জারি ৮ নতুন নির্দেশ, নজরদারিতে হাজার হাজার টিম

ভোটের আগে নির্বাচন কমিশনের কড়া নির্দেশ—সরকারি গাড়ি বা অর্থ ব্যবহার নিষিদ্ধ, পোস্টার-হোর্ডিং সরানোর নির্দেশ। নজরদারিতে হাজার হাজার ফ্লাইং স্কোয়াড ও সারভেল্যান্স টিম।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই প্রশাসন ও রাজনৈতিক দলগুলিকে কঠোর বার্তা দিল নির্বাচন কমিশন। আদর্শ আচরণবিধি লঙ্ঘন রুখতে আরও আটটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভোটের আবহে কমিশন স্পষ্ট জানিয়েছে—মডেল কোড অফ কনডাক্ট (MCC) অক্ষরে অক্ষরে মানতে হবে, না হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, অবিলম্বে সরকারি দফতর, অফিস ও সরকারি স্থাপনা থেকে রাজনৈতিক বিজ্ঞাপন, পোস্টার ও নির্বাচনী হোর্ডিং সরিয়ে ফেলতে হবে। পাশাপাশি, কোনও রাজনৈতিক দল বা প্রার্থী নির্বাচনী প্রচারে সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন না। সরকারি অর্থ বা কোষাগারের টাকা ব্যবহার করে কোনও ধরনের নির্বাচনী প্রচার চালানোও সম্পূর্ণ নিষিদ্ধ বলে স্পষ্ট করেছে কমিশন।

রাজনৈতিক দলগুলির জন্য আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয়েছে। বাড়ির মালিকের অনুমতি ছাড়া কোনও বাড়ির সামনে সভা, মাইকিং বা প্রচার চালানো যাবে না। দেওয়াল লিখন কিংবা দলীয় পতাকা লাগানোর ক্ষেত্রেও গৃহকর্তার লিখিত অনুমতি নিতে হবে।

ভোট সংক্রান্ত বিধিভঙ্গের অভিযোগ জানাতে কমিশন ১৯৫০ নম্বরের হেল্পলাইন চালু করেছে। এই নম্বরে ফোন করে ভোটাররা সরাসরি জেলা নির্বাচন আধিকারিক (DEO) বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারবেন। এছাড়াও ‘C-Vigil’ অ্যাপের মাধ্যমে ‘ECI Net’ প্ল্যাটফর্মে অভিযোগ জানানোর সুযোগও রয়েছে, যাতে দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

কঠোর নজরদারির জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই ভোটমুখী পাঁচ রাজ্যে ৫,৭১৩টিরও বেশি ফ্লাইং স্কোয়াড মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ পাওয়া মাত্র ১০০ মিনিটের মধ্যে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই দলগুলিকে। পাশাপাশি পরিস্থিতির উপর নজর রাখতে প্রায় ৫২০০টি স্ট্যাটিক সারভেল্যান্স টিম কাজ করবে।

প্রশাসনকেও কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছে—আদর্শ আচরণবিধি কার্যকর করতে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে। কোনও রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত করা যাবে না এবং সরকারি ক্ষমতার অপব্যবহার হচ্ছে কি না, সেদিকেও কড়া নজর রাখতে হবে।

এছাড়া কোনও রাজনৈতিক দল নির্দিষ্ট স্থানে সভা করতে চাইলে ‘ECI Net’-এর ‘Suvidha’ পোর্টালের মাধ্যমে আগাম আবেদন করতে হবে। যে দল আগে আবেদন করবে, নিয়ম মেনে তাকেই সভা করার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন