কলকাতার ঐতিহ্যবাহী রেড রোডে আর নয়, এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই হতে চলেছে ইদের প্রধান জমায়েত ও নমাজ। প্রশাসনিক সূত্রে মিলেছে তেমনই ইঙ্গিত। সেনার আপত্তি ও নিরাপত্তা সংক্রান্ত কড়াকড়ির জেরে বিকল্প হিসেবে ব্রিগেডের নাম সামনে এসেছিল আগেই। সেই সম্ভাবনার কথাই প্রথম প্রকাশ করেছিল ‘নজরবন্দি’।
রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকেই রেড রোডে ইদের নমাজ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এবার কার্যত সেই জল্পনাতেই সিলমোহর দিল নবান্ন। প্রশাসনের একাংশের দাবি, আইনশৃঙ্খলা ও নিরাপত্তার কথা মাথায় রেখেই ব্রিগেডকে চূড়ান্ত বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে কলকাতার রেড রোডে ইদের নমাজ শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, রাজ্যের রাজনৈতিক ও সামাজিক সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। বিশেষ করে তৃণমূল আমলে ইদের সকালে রেড রোডের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ছিল বার্ষিক চর্চার বিষয়।

পরবর্তী সময়ে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নিয়মিতভাবে সেই মঞ্চে উপস্থিত থাকতেন। ফলে রেড রোডের ইদের জমায়েত একদিকে ধর্মীয় আবেগ, অন্যদিকে রাজনৈতিক বার্তারও কেন্দ্র হয়ে উঠেছিল।
কিন্তু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর পরিস্থিতি বদলে যায়। রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই রেড রোডে বড় জমায়েত নিয়ে নতুন করে নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন ওঠে। সেনা সূত্রে খবর, ফোর্ট উইলিয়ামের নিয়ন্ত্রণাধীন এই এলাকায় বিশাল জনসমাবেশ নিয়ে আগেও উদ্বেগ প্রকাশ করা হয়েছিল।
প্রশাসনিক সূত্রের দাবি, গত বছরই ইদের নমাজের অন্যতম আয়োজক খিলাফত কমিটিকে ভবিষ্যতে অনুমতি দেওয়া কঠিন হতে পারে বলে জানানো হয়েছিল। যদিও তৎকালীন মুখ্যমন্ত্রীর অনুরোধে শেষবারের মতো অনুমোদন দেওয়া হয় বলেও সেনার একাংশের দাবি।
এবার পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে ওঠে। কারণ নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ধর্মীয় জমায়েত ও পশু বলি নিয়ে প্রশাসনিক কড়াকড়ি বাড়ানো হয়েছে। ফলে রেড রোডে নমাজ আয়োজনের প্রশ্ন রাজনৈতিক গুরুত্বও পেয়ে যায়।
এই আবহেই বিকল্প স্থান হিসেবে উঠে আসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের নাম। প্রশাসনের মতে, ব্রিগেডে অতীতে একাধিক বড় সামাজিক ও ধর্মীয় কর্মসূচি সফলভাবে হয়েছে। তাই নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক ব্যবস্থাপনার নিরিখে ব্রিগেডই সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প।
সূত্রের খবর, আয়োজক সংস্থা খিলাফত কমিটিকেও এই সম্ভাব্য পরিবর্তনের বিষয়ে আগেই প্রাথমিকভাবে জানানো হয়েছিল। এখন সেই সিদ্ধান্ত কার্যত চূড়ান্ত বলেই নবান্ন সূত্রে ইঙ্গিত মিলছে।
উল্লেখযোগ্যভাবে, রেড রোডের পরিবর্তে ব্রিগেডে ইদের নমাজ আয়োজনের সম্ভাবনার খবর প্রথম প্রকাশ করেছিল ‘নজরবন্দি’। পরে প্রশাসনিক স্তরেও সেই তথ্যের সত্যতা মিলতে শুরু করেছে।



