নজরবন্দি ব্যুরো: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার শুনানি। বারংবার বিদেশ যাত্রায় বাধা দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারকে। এই বিষয়ে শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়েছিলেন তিনি।
আরও পড়ুনঃ ভোটের অশান্তিতে ক্ষতিপূরণের দাবি হাইকোর্টে, প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ অধীরের
সোমবার এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও আদালতের ওয়েব সাইট বলছে সেই সম্ভাবনা নেই। সুপ্রিম কোর্টের সাইটে দেওয়া নোটিফিকেশন অনুযায়ী, বিচারপতি সঞ্জয় কিশন কওলের নেতৃত্বাধীন বেঞ্চ আজ বসবে। কিন্তু অভিষেক-রুজিরার দায়ের করা মামলা আজ শুনবেন না বিচারপতি।

পরবর্তী শুনানির দিন জানিয়ে দেওয়া হবে। অপর দিকে অভিষেককে নিয়ে আর এক মামলায় রায় দিল দেশের শীর্ষ আদালত। সোমবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল সিবিআইয়ের মতোই ইডিও চাইলে নিয়োগ মামলায় অভিষেককে জেরা করতে পারবে।

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় তাঁকে জেরা করার নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতে মামলা করেছিলেন অভিষেক। সোমবার সেই মামলার রায় সুপ্রিম কোর্টেও অভিষেকের বিপক্ষেই গেল। ইডি এবং অভিষেকের আইনজীবীর বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট জানিয়ে দিল,
কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেককে জেরা করতে পারবে ইডি,সিবিআই, জানিয়ে দিল শীর্ষ আদালত

এ ব্যাপারে হাই কোর্টের একক বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তাতে হস্তক্ষেপ করলে তদন্তে বাধা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আদালত এ ব্যাপারে নাক গলাবে না। তবে জেরার ব্যাপারে ছাড়পত্র দিলেও সুপ্রিম কোর্ট জানিয়েছে, অভিষেককে এই মামলায় জরিমানা দিতে হবে না।



