নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনে রণক্ষেত্র হয়ে উঠেছিল বাংলা। জেলায় জেলায় অশান্তির ঘটনা, খুন, ভোট লুঠ, ব্যালট ভাঙচুর- নানা অভিযোগে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। এই পরিস্থিতিতে আজ প্রায় ৭০০ টি বুথে উপনির্বাচন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। এদিকে পঞ্চায়েত নির্বাচনে অশান্তি ও মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এই মামলা দায়ের করে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
আরও পড়ুন: অগ্নিবীরদের জন্য সুখবর, এবার ভারতীয় সেনায় ৫০ শতাংশ স্থায়ী নিয়োগ
সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন অধীর চৌধুরী। পঞ্চায়েত নির্বাচনে যারা আক্রান্ত হয়েছেন, তাঁদের ক্ষতিপূরণ ও অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন কংগ্রেস সাংসদ। মামলা দায়েরের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি। আদালতে জানানো হয়েছে, পঞ্চায়েত নির্বাচনের দিন বাংলায় সন্ত্রাস চলেছে। মুর্শিদাবাদ সহ সব জায়গায় হিংসার ঘটনা চলেছে। প্রশাসনের তরফ থেকে আহতদের কোনও সাহায্য করা হয়নি বলে অভিযোগ। কংগ্রেস সাংসদ ক্ষতিপূরণের দাবি জানিয়ে আরও বলেন, ” ভোটের দিন গরিব বা নিম্ন মধ্যবিত্তের উপর আক্রমণ চলেছে। তাঁরা জানেন না কোথায় যেতে হবে। হাসপাতালে অনেকে যেতে পারেননি। কোথাও কোথাও প্রশাসন নিরুত্তর। সেই সব পরিবারের পক্ষ থেকে এসেছি। তাঁদের সাহায্য করা হোক।’

প্রসঙ্গত, সোমবার রাজ্যের বেশ কিছু জায়গায় পুনর্নির্বাচন হচ্ছে। গতকাল বিকেলেই একথা ঘোষণা করেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, দক্ষিণ দিনাজপুরের একাধিক বুথে পুনরায় ভোটগ্রহণ চলবে। মনোনয়ন পর্ব থেকে ভোটের দিন- ভাঙড়ে পরপর অশান্তির ঘটনা সামনে এসেছে। কিন্তু সেখানে একটি বুথেও পুনর্নির্বাচন হচ্ছে না। আজ প্রতি বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানিয়েছে কমিশন।

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হতেই কলকাতা হাইকোর্টে একের পর এক মামলা দায়ের হয়েছে। এদিকে নির্বাচন চলাকালীনই কার্যত ক্ষতিপূরণের দাবি তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি ছিল, নিহতদের পরিবারকে ৫০ লক্ষ ও আহতদের ১০ লক্ষ টাকা করে দেওয়ার দাবি তুলেছিলেন বিজেপি বিধায়ক।
ভোটের অশান্তিতে ক্ষতিপূরণের দাবি হাইকোর্টে, প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ অধীরের




