নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। গত কয়েকমাস ধরে জেলবন্দী তিনি। এরমধ্যেই শারীরিক অবস্থার অবনতি হয়। বাইপাস সার্জারি করা হয় তাঁর। এরপর দু’মাস ধরে এসএসকেএম হাসপাতালে ভর্তি তিনি। এখন কেমন আছেন কালীঘাটের কাকু? খতিয়ে দেখতে পুজো মিটতেই সারপ্রাইজ ভিজিট করলেন ইডি আধিকারিকরা।
গত আগস্ট মাসের ২৩ তারিখ নিউ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে বাইপাস সার্জারি হয় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর। ওইদিন রাতেই তাঁকে স্থানান্তর করা হয় এসএসকেএম হাসপাতালে। এরপর থেকেই কার্ডিওলজি বিভাগের প্রধান চিকিৎসক দীপঙ্কর মুখোপাধ্যায়ের অধীনে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের কেবিনে ভর্তি রয়েছেন কালীঘাটের কাকু। এদিন ইডির তদন্তকারীরা সুপারের ঘরে গিয়ে সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন করা হয়।

কালীঘাটের কাকুর অসুস্থতা নিয়ে ইতিমধ্যেই এসএসকেএমের কাছে রিপোর্ট তলব করেছে ইডি। গত বুধবার বিকেলে মেডিক্যাল বোর্ডের বৈঠক হয় বলেও খবর। জানা গিয়েছে, কাকুর অসুস্থতা এখন গুরুতর নয় বলেই মত দিয়েছে বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্য। তবে কাকুর মেডিক্যাল বোর্ডে মনোরোগ চিকিৎসককে যোগ করা হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, মাঝেমধ্যেই খাবার, ওষুধ খেতে চাইছেন না কালীঘাটের কাকু। তাঁর এই ধরনের আচরণের কারণ জানতে মনরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। সুজয়কৃষ্ণের মেডিক্যাল বোর্ডে পাঁচ বিভাগের চিকিৎসক রাখা হয়েছে।
দু’মাস ধরে SSKM-এ কালীঘাটের কাকু, পুজো মিটতেই হাসপাতালে সারপ্রাইজ ভিজিট ইডির




