উত্তেজনার মাঝেই কড়া বার্তা, হুমকি পেলে ফোনে অভিযোগ জানান, নম্বর দিল কমিশন

গণনার মাঝেই অশান্তির অভিযোগ, রাজনৈতিক দলগুলিকে সরাসরি অভিযোগ জানানোর নির্দেশ ও হেল্পলাইন নম্বর দিল নির্বাচন কমিশন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটগণনার দিন জুড়ে একাধিক জায়গায় উত্তেজনার অভিযোগের প্রেক্ষিতে সরাসরি হস্তক্ষেপ করল ভারতের নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলিকে স্পষ্ট বার্তা দিয়ে কমিশন জানিয়েছে—কোথাও হুমকি বা নিরাপত্তা ঝুঁকি মনে হলে অবিলম্বে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এজন্য ১৮০০ ৩৪৫ ০০০৮ নম্বরও প্রকাশ করেছে কমিশন, যেখানে সরাসরি অভিযোগ জানানো যাবে।

পশ্চিমবঙ্গের ২৯৩টি বিধানসভা আসনে ভোটগণনা চলাকালীন বিভিন্ন এলাকা থেকে অশান্তির খবর সামনে এসেছে। অভিযোগ, কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল সংলগ্ন এলাকায় ভাঙচুর এবং রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে। একইভাবে জগদীশচন্দ্র বোস কলেজ-এর সামনে উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ। সেখানে তৃণমূল সমর্থকেরা কলেজের ভিতরে অবস্থান করছিলেন, আর বাইরে বিজেপি কর্মীদের জমায়েত ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এছাড়া নদিয়ার কল্যাণী ব্লকের মুরাতিপুর এলাকায় তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে। অন্যদিকে, ব্যারাকপুরে তৃণমূল প্রার্থীকে মারধরের অভিযোগে বিজেপির এক কাউন্টিং এজেন্টের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়েছে।

এই সব অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছে কমিশন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সমস্ত রাজনৈতিক দলকে সতর্ক করে কমিশন জানিয়েছে, কোনও ধরনের হুমকি বা অনিয়ম হলে তা গোপন না রেখে সরাসরি জানাতে হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং স্বচ্ছ গণনা প্রক্রিয়া নিশ্চিত করতে কমিশনের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত