নজরবন্দি ব্যুরোঃ ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সীমা বাড়ানো হল। সকাল ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে মেট্রো। অর্থাৎ দিনে ২৪ ঘন্টার মধ্যে মেট্রো পরিষেবা দেবে সাড়ে ১৪ ঘন্টা। সেই সাথে দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধানও কমানো হচ্ছে। ব্যস্ত সময়ে ১০ মিনিট অন্তর অন্তর চলবে মেট্রো। অন্য সময়ে মেট্রো চলবে ১২ মিনিট অন্তর।
আরও পড়ুনঃ শিয়ালদহ মেট্রো উদ্বোধনে মমতা বন্দোপাধ্যায়-কে আমন্ত্রন, তৃণমূলের চাপে ভোলবদল কেন্দ্রের!


এতদিন পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা ছিল সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, এখন থেকে মেট্রো পরিষেবা চালু হবে সকাল ৭টায়। শেষ মেট্রো, এখন থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত। অর্থাৎ পরিষেবা মিলবে সাড়ে ১৪ ঘন্টা।

মেট্রো রেল আধিকারিক সূত্রে খবর, ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবায় চালানো হবে দিনে ১০০ টি মেট্রো। এমনকি শনিবারও পাওয়া যাবে মেট্রো পরিষেবা। এখনও আগের মতোই রবিবার বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। ভবিষ্যতে যাত্রী সংখ্যা বা়ড়লে রবিবারও মেট্রো চালানো হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



আধ ঘণ্টার পরিবর্তে ব্যস্ত সময়ে ১০ মিনিট অন্তর চলবে মেট্রো। অন্য সময়ে চলবে ১২ মিনিট অন্তর। মেট্রো কর্তৃপক্ষ মতে, শিয়ালদহ মেট্রো স্টেশন চালু হলে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প আরও লাভজনক হবে। এতদিন যাত্রীর অভাবেই কার্যত কম মেট্রো চালানো হচ্ছিল। যাত্রীর সংখ্যা বাড়তে পারে ধরে নিয়ে দুই মেট্রোর মধ্যে সময়ের ব্যবধানও কমানো হচ্ছে তাঁরা জানিয়েছেন।
১০ মিনিট অন্তর মিলবে পরিষেবা, সময়সীমা বাড়ানো হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর।

উল্লেখ্য, আগামীকাল উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো স্টেশনের। উদ্বোধনকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির তীব্র বাদানুবাদের মধ্যেই মাত্র ১ দিন আগে রেল দফতর অনুষ্ঠানে আমন্ত্রন জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে। তবে শুধু মমতা নন, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনখড়কেও আমন্ত্রন জানিয়েছে রেল।








