নজরবন্দি ব্যুরোঃ আগামিকাল উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো স্টেশন। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে চালু হবে যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা। কলকাতার বুকে অন্যতম এই বড় প্রকল্পের উদ্বোধন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মুখোমুখি তৃণমূল এবং বিজেপি। শিয়ালদা মেট্রোর উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোয় সংঘাত তুঙ্গে উঠেছিল। এবার সেই বিতর্কে ইতি পড়তে চলেছে। মমতা বন্দোপাধ্যায়কে আমন্ত্রন জানানো হচ্ছে উদ্বোধন অনুষ্ঠানে।
আরও পড়ুনঃ তৃণমূলের জাতীয় মুখপাত্র হলেন বাবুল, প্রথম একাদশে যায়গা না পেলেও আপ্লুত বালিগঞ্জের বিধায়ক।


যদিও তৃণমূল বলছে মুখ্যমন্ত্রী উদ্বোধনে যাওয়ার জন্যে লালায়িত নন। তবে দলের একাধিক হেভিওয়েটের মন্তব্যে ক্ষোভ ঝরে পড়েছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, ‘কেন্দ্র যদি এভাবে অসহযোগিতা করে তাহলে রাজ্যের পক্ষে কি সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া? বাংলার মানুষকে এভাবে বোকা বানাতে পারবে না কেন্দ্র। রাজ্যের মানুষ খুব ভালো ভাবেই অবগত যে এই মেট্রো প্রকল্পের পরিকল্পনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাদি রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের পরিকল্পনা শুরু হয়েছিল।’

ফিরহাদের পাল্টা দিয়েছিলেন দিলীপ ঘোষও। দিলীপ ঘোষ হুঙ্কার দিয়েছেন তৃণমূল তথা মমতা বন্দোপাধ্যায় কে। তিনি বলেছেন, ‘ঠিক করেছে কেন্দ্রীয় সরকার, কোনওদিন যেন না ডাকে। কেন্দ্রের টাকা নিয়ে সৌজন্য দেখানো হয় না। বিরোধী নির্বাচিত প্রতিনিধিদের তৃণমূল কোনও অনুষ্ঠানে ডাকে না।’ এছাড়াও দিলীপ বাবুর বক্তব্য, প্রশাসনিক বৈঠকটাকে পার্টির বৈঠক করে ফেলেছে। সেখানে কেন ডাকেনা আমাদের?



তবে এবার সব বিতর্কের অবসান ঘটল। রেল সূত্রে খবর, শিয়ালদা মেট্রোর উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর পাশাপশি আমন্ত্রণ জানানো হচ্ছে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়কে। পাশাপশি আমন্ত্রণ জানানো হচ্ছে রাজ্যপাল জগদীপ ধনকড় এবং মেয়র ফিরহাদ হাকিমকেও।
শিয়ালদহ মেট্রো উদ্বোধনে মমতা বন্দোপাধ্যায়-কে আমন্ত্রন, তৃণমূলের চাপে ভোলবদল কেন্দ্রের!

উল্লেখ্য, রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের সূচনা করেছিলেন মমতা বন্দোপাধ্যায়। এখন তিনি বাংলার মুখ্যমন্ত্রী। তৃণমূলের দাবি, রাজ্য সরকার এই প্রকল্পের জন্যে সর্বোতভাবে সাহায্য করেছে কেন্দ্রকে। সেখানে খোদ মমতা বন্দোপাধ্যায়কেই যদি এই প্রকল্প উদবোধনে না ডাকা হয় তাহলে তা অত্যন্ত নিন্দার বিষয়। সূত্রের খবর এই প্রকল্পের উদবোধন করতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।








