নজরবন্দি ব্যুরো: দীর্ঘ ৪ বছর পর ঘরের মাঠে কলকাতা লিগের ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। আর নিজেদের সমর্থকদের সামনে ইস্টার্ন রেলকে ৫-১ গোলে হারাল লাল হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে দু’টি গোল করেন আমান সিকে এবং একটি করে গোল পেয়েছেন অভিষেক কুঞ্জাম, ভানলালপেকা গুইতে, রাজিবুল মিস্ত্রী। ইস্টার্ন রেলের হয়ে একমাত্র গোলটি করেন দীব্যন্দু চন্দ। ইস্টবেঙ্গলের এই জয়ে উচ্ছ্বসিত লাল হলুদ সমর্থকরা।
আরও পড়ুন: অবশেষে সুখবর, এশিয়ান গেমসে খেলতে যাচ্ছে ভারতীয় পুরুষ ও মহিলা ফুটবল দল
এদিন শুরু থেকেই ইস্টবেঙ্গল একের পর এক আক্রমণ হানে ইস্টার্ন রেলের ডিফেন্সে। মোট পাঁচটি গোল হলেও আরও বেশি গোল হতেই পারত। ম্যাচের ২১ মিনিটের মধ্যেই প্রথম গোলটি করেন ইস্টবেঙ্গলের অভিষেক কুঞ্জাম। দীপের মারা ফ্রিকিক রেলের গোলরক্ষক আটকে দিলে ফিরতি বলে জোরালো শট মেরে গোলটি করেন অভিষেক। দ্বিতীয় গোলটি আসে ম্যাচের ৩১ মিনিটের মাথায়। রেলের ডিফেন্সকে বোকা বানিয়ে গোলটি করেন ভানলালপেকা গুইতে। দ্বিতীয় গোলের মাত্র ৫ মিনিট পরেই আমান সিকে দুর্দান্ত একটি গোল করে প্রথমার্ধেই ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধেও ইস্টবেঙ্গলের আক্রমণের তেজ বাড়তেই থাকে। ৪৯ মিনিটের মাথায় একটি সহজ সুযোগ নষ্ট করে লাল হলুদ ব্রিগেড। এবং, ৫১ মিনিটের মাথায় কর্নার থেকে ভেসে আসা বলে ইস্টবেঙ্গল ডিফেন্সের ভুল বোঝাবুঝিতে ইস্টার্ন রেলের হয়ে একটি গোল শোধ করেন দীব্যন্দু চন্দ। যদিও তাতে কোনও লাভ হল না। দ্বিতীয়ার্ধেই আরও দুটি গোল করল ইস্টবেঙ্গল। ৭৮ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় এবং দলের চার নম্বর গোলটি করে গেলেন আমান। এরপর আবার ৮৮ মিনিটে পঞ্চম গোলটি করলেন পরিবর্ত হিসেবে নামা রাজিবুল মিস্ত্রী। তাঁকে অসামান্য অ্যাসিস্ট করলেন কুশ ছেত্রী।
এই জয়ের ফলে কলকাতা লিগের গ্রুপ বি-তে দ্বিতীয় স্থানে থাকল ইস্টবেঙ্গল। ৫ ম্যাচে তাঁদের পয়েন্ট হল ১১। এদিন ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন সিনিয়র দলের কোচ কার্লোস কুয়াদ্রাত। আগের দিন নৈহাটিতেও কলকাতা লিগের ম্যাচে উপস্থিত ছিলেন তিনি। যদিও সেদিন বিএসএসের বিরুদ্ধে ম্যাচ ড্র করে লাল হলুদ ব্রিগেড। এদিন কুয়াদ্রাত প্রথমবার জয় দেখলেন। বৃষ্টির মধ্যে ম্যাচ শুরু হলেও আজ ইস্টবেঙ্গল গ্যালারি ছিল পূর্ণ। অনেকদিন পর ঘরের মাঠে ম্যাচ হল আর পাঁচ গোলে প্রিয় দলের জয় দেখে খুশিতে আত্মহারা সমর্থকরা।
Our 3️⃣ scorers so far! 💪#CFL #JoyEastBengal #EmamiEastBengal #AvishekKunjam #VanlalpekaGuite #AmanCK pic.twitter.com/In8Q0Bktyb
— East Bengal FC (@eastbengal_fc) July 27, 2023



