নজরবন্দি ব্যুরোঃ অত্যাবশকীয় পণ্য পরিবহণের জন্য লাগবে ই-পাস, ফিরে এলো গত বছরের প্রতিচ্ছবি। সংক্রমণ রুখতে ফের লকডাউন জারি রাজ্যে। আজ থেকে আগামী ১৫ দিন লকডাউন থাকবে রাজ্য। সরকারের তরফে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সময়ে কোন ক্ষেত্র বন্ধ থাকবে আর কোন গুলি খোলা তা জানিয়ে দিয়েছে রাজ্য। বাজার দোকান খোলা রাখার সময় সীমা বেধে দেওয়া হয়েছে। লকডাউনের প্রথম দিন অর্থাৎ রবিবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় চলছে পুলিশের কড়া নজরদারি। বাজার ও রাস্তাঘাটে চলছে পুলিশি টহলদারি। সরকারি নির্দেশ পালন করার জন্য মাইকিং করা হচ্ছে পুলিশের তরফে। রাস্তার মোড়ে মোড়ে চলছে নাকা চেকিং। তবে ছাড় রয়েছে অত্যাবশকীয় পণ্য পরিবহণে। কিন্তু এই ক্ষেত্রেও মানতে হবে কিছু নিয়ম।
আরও পড়ুনঃ পরপর ৩ দিন কমল দেশে করোনা আক্রান্তের সংখ্যা, আশা জাগাচ্ছে সুস্থতার হারও


অত্যাবশকীয় পণ্য পরিবহণের জন্য লাগবে ই-পাস। গত বছরের মতো এই বছরেও প্রশাসনের তরফে ই-পাস দেওয়া হবে। এর জন্য অনলাইনের মাধ্যমে পুলিশের কাছে আবেদন জানাতে হবে। এবং অনলাইনের মাধ্যমেই সেই ই-পাস সংগ্রহ করতে পারবেন আবেদনকারী। এর পরই অত্যাবশকীয় পন্যের গাড়ি এক জায়গায় থেকে অপর জায়গায় নিয়ে যেতে পারবেন চালকেরা। পুলিশের তরফে জানানো হয়েছে, প্রতিটি নাকা চেকিংয়ে ই-পাস দেখাতে হবে। শনিবার রাতে কলকাতা পুলিশের তরফে টুইট করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কি ভাবে ই-পাসের জন্য আবেদন করবেন তার বিস্তারিত জানুন….
ই-পাসের জন্য https://coronapass.kolkatapolice.org/ এই লিংকে যেতে হবে। তার পর পেজটি খুলবে সেখানে ‘I Agree’ অপশনটিকে ক্লিক করতে হবে। এর পর আসবে ‘Individual’ (ব্যক্তিগত) ও ‘Organisation’ (সংস্থা) দুটি চেকবক্স। এর মধ্যে যেটি আপনার প্রয়োজনীয় সেখানে ক্লিক করতে হবে। আপনার সামনে যে ফর্মটা খুলবে সেখানে সমস্ত তথ্য অর্থাৎ নিজেরনাম, গন্তব্যস্থল, কি কারণে যাচ্ছেন, এবং গাড়ির যাবতীয় তথ্য সঠিক ভাবে দিতে হবে। আপলোড করতে হবে যাবতীয় নথি। তার পর সাবমিট। এর পরই আবেদকারীর ইমেলে চলে আসবে ই-পাস। সেই পাস নাকা চেকিংয়ে পুলিশকে দেখালে পণ্যবাহি গাড়ি আটকাবে না পুলিশ।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



