নজরবন্দি ব্যুরো: কয়েকদিনের অপেক্ষা, মা আসছেন মর্ত্যধামে। সবচেয়ে বড় উৎসবে মেতে উঠবে বাঙালি। পাঁচদিন হই হুল্লোড়, প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া, আড্ডা সব চলে। পুজোর সময়ে ছবিমুক্তির তালিকাটাও বেশ লম্বা থাকে। এই সময়ে বক্স অফিসে ঝড় ওঠে। এবারও বাংলা, হিন্দি মিলিয়ে মুক্তি পেতে চলেছে বেশ কয়েকটি ছবি। কোন ছবি দেখবেন, ঠিক করে ফেলুন এখনই।
প্রথমেই আসি টলিউডের তালিকা নিয়ে। একদিকে রয়েছে দেবের ‘বাঘাযতীন‘ অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার‘। বহু বছর পর পুজোর সময়ে সৃজিতের কোনও ছবি মুক্তি পাচ্ছে। এদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, জয়া আহসানকে একসঙ্গে বড় পর্দায় দেখতে উচ্ছ্বসিত দর্শকরাও। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাইশে শ্রাবণ’ ছবির সিক্যুয়েল এই ছবি। আগামী ১৯ অক্টোবর মুক্তি পাবে ‘দশম অবতার’। একইদিনে মুক্তি পেতে চলেছে ‘বাঘাযতীন’। অরুণ রায় পরিচালিত এই ছবিটির প্রযোজনা করেছে দেব ভেঞ্চারর্স লিমিটেড। স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (১৮৭৯-১৯১৫) ওরফে বাঘাযতীনের চরিত্রে অভিনয় করছেন দেব। তাঁর বিপরীতে ইন্দুবালার (বাঘাযতীনের স্ত্রী) ভূমিকায় প্রথমবার অভিনয় করছেন সৃজা দত্ত।

পুজোতে বড় পর্দায় আসছেন মিমি চক্রবর্তী, কোয়েল মল্লিক। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত ‘রক্তবীজ‘ মুক্তি পাবে ১৯ অক্টোবর। এই ছবিতে উঠে আসবে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের কথা। মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার প্রমুখ অভিনয় করছেন। ‘মিতিন মাসি’র ভূমিকায় আরও এক গোয়েন্দা রহস্য নিয়ে দর্শকদের মাতাতে আসছেন কোয়েল মল্লিক। এই পুজোয় মুক্তি পাচ্ছে ‘জঙ্গলে মিতিন মাসি‘। সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প অবলম্বনে তৈরি এই ছবির পরিচালনায় রয়েছেন অরিন্দম শীল।

বলিউডের ছবি মুক্তির তালিকাটা অবশ্য একটু লম্বা। আগামী ৬ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘মিশন রানীগঞ্জ‘। ফের এক নতুন চরিত্রে দেখা যাবে বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারকে। যশবন্ত সিং যিনি ভারতের কয়লাখনিতে প্রথমবার উদ্ধারকাজ চালিয়েছিলেন তাঁর কথা উঠে আসবে এই ছবিতে। একইদিনে মুক্তি পাচ্ছে ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’। শেহনাজ গিল, ডলি সিং, কুশা কপিলা, শিবানী বেদি অভিনীত এই ছবিতে মেয়েদের বন্ধুত্ব, ভালোবাসা ইত্যাদি তুলে ধরা হয়েছে। পুজোয় (২০ অক্টোবর) নিজের নতুন ছবি নিয়ে আসছেন কঙ্গনা রানাওয়াত। ভারতীয় বিমান এক পাইলট হিসেবে ‘তেজস’ দেখা যাবে বলিউডের ‘কুইন’কে। তেজস গিলের কাহিনী ফুটে উঠবে এই ছবিতে। এছাড়াও মুক্তি পেতে চলেছে ‘ধাক ধাক’, ‘দোনো’, ‘টাইগার নাগেশ্বর রাও’, ‘গনপত এ হিরো ইজ বর্ন’।
টলি-বলি মিলিয়ে পুজোয় বড় ধামাকা, অক্টোবরে মুক্তি পাচ্ছে কোন কোন ছবি




