নজরবন্দি ব্যুরোঃ গোটা দুনিয়া তাকিয়ে রয়েছে অক্সফোর্ডের বিজ্ঞানীদের দিকে। কবে তাঁরা বলবেন, ভ্যাকসিন পুরোপুরি কার্যকর হয়েছে! সারা দুনিয়ার গবেষকরা গত চার-পাঁচ মাস ধরে দিন-রাত এক করে ভ্যাকসিনের জন্য পরিশ্রম করছেন। কিন্তু মধ্যপ্রদেশের প্রটেম স্পিকার তথা বিজেপি নেতা রামেশ্বর শর্মা ‘হাত গুণে’ জানিয়ে দিলেন কবে বিদায় নেবে মহামারী তৈরি করা নভেল করোনাভাইরাস।
সংবাদ সংস্থা এএনআইকে রামেশ্বর শর্মা বলেছেন, ‘অযোধ্যায় ঐতিহাসিক রামমন্দির নির্মাণ শুরু হলেই পৃথিবী থেকে বিদায় নেবে করোনাভাইরাস।’ বুধবার এক সংবাদ সম্মেলনে রামেশ্বর শর্মা বলেন, ‘ভগবান রামচন্দ্র মানবজাতির কল্যাণে এবং রাক্ষসদের হত্যা করার জন্য পুনর্জন্ম নিয়েছিলেন। রামমন্দিরটি নির্মাণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কভিড মহামারির ধ্বংসও শুরু হবে।’


মধ্যপ্রদেশ বিধানসভার প্রটেম স্পিকারের কথায়, ‘কেবল ভারত নয়, গোটা বিশ্ব করোনভাইরাসের কারণে ভুগছে। আমরা কেবল সামাজিক দূরত্ব বজায় রাখছি না। আমাদের পবিত্র দেবদেবতাদের স্মরণ করছি। সুপ্রিম কোর্টও রামমন্দির তৈরির নির্দেশ দিয়েছে।’
করোনা সংকটের মধ্যেই অযোধ্যায় রামমন্দিরের জন্য ভূমিপূজার প্রস্তুতির কাজ শুরু হয়ে যাবে ৩ আগস্ট থেকে। ভূমিপূজা হবে ৫ আগস্ট। সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় উপস্থিত থাকবেন।







