নজরবন্দি ব্যুরো : ২১-শের নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে বাংলার রাজনীতি। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজ্য। এদিন সাংবাদিক বৈঠকে মারমুখী ভঙ্গিতে মুখ্যমন্ত্রীরকে কটাক্ষ করেন,বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দুর্নীতি থেকে শুরু করে মিথ্যে প্রতিশ্রুতি সবকিছুতেই মুখ্যমন্ত্রীকে এক হাত নিলেন, বিজেপি রাজ্য সভাপতি।
আরও পড়ুন: এবার দক্ষিণে ভাঙনের মুখে বিজেপি! সঙ্গ ছাড়ার হুঁশিয়ারি দিল AIADMK
তৃণমূলের তরফে জানানো হয়েছিল, বিজেপির নেতারা বাংলার যে সব জায়গায় গিয়ে সভা করবেন, সেখানে পাল্টা সভা করবে তারাও। এদিন এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ”আমরা এগিয়ে গিয়েছি, সরকার পিছনে চলছে আমাদের। তাই তো দাঁড়াচ্ছে নাকি! আমরা যেখানে যাব, তৃণমূল সেখানে যাবে। আমরা ভোটের প্রচার চালাব। জায়গায় জায়গায় গিয়ে চালাব। তাতে তৃণমূল কী করল আমরা ভাবছি না।”
৭ জানুয়ারি মুখ্যমন্ত্রীর সফর বাতিল হয়েছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, ”মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, তাই নন্দীগ্রাম যাবেন না। ওখানে গেলে তাঁকে হাজার প্রশ্নের মুখে পড়তে হবে। যে নন্দীগ্রামকে ভাঙিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছে সেখানে কী করেছেন! নন্দীগ্রাম ভাঙিয়ে আর খাওয়া যাবে না। ওখানে গেলেই সাধারণ মানুষ প্রশ্ন করবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন ভালভাবে।”
“নন্দীগ্রাম ভাঙিয়ে আর খাওয়া যাবে না, ওখানে গেলেই মুশকিল”, এছাড়াও দুয়ারে দুয়ারে সরকারের ব্যাপক সাড়া পেয়েছে, এ বিষয়ে তিনি বলেন, ”মেলা-টেলা-লীলা হয় না অনেকদিন। তৃণমূল পার্টির লোক কামাবে এসব ক্যাম্প থেকে। ৫০ হাজার কোটি বাজেট স্বাস্থ্যসাথীর। এদিকে রাজ্যের জন্য বরাদ্দ ১২ হাজার কোটি। ঢপের রাজনীতি আর চলবে না। সাধারণ মানুষ এখন সব বোঝে। মুখ্যমন্ত্রী দাবি করেন, এই রাজ্যে স্বাস্থ্য সেবা নাকি ভাল! তা হলে ক্যাম্পে, বেসরকারি হাসপাতালে এত ভিড় কেন! আসলে এসব ক্যাম্প করে রাজ্য সরকার ডেটা সংগ্রহ করছে। পরে নির্বাচনী প্রচার করবে।”



