নজরবন্দি ব্যুরোঃ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মুকুল রায়, তাই বিধানসভায় আসতে পারছেন না। আজ প্রাতঃভ্রমণে গিয়ে ইকো পার্কে সাংবাদিক বৈঠকে মুকুল প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই মুহুর্তে গেরুয়া শিবিরের প্রধান মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে রায় সাহেব এবং তাঁর দলত্যাগ প্রসঙ্গ।
আরও পড়ুনঃ মধ্যপ্রদেশের ফুটবল ক্লাবে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন মেহতাব


গতকাল স্পিকারের ঘরে তৃতীয় শুনানি ছিল মুকুল রায়ের দলত্যাগ প্রসঙ্গে। বাকি দু’বারের মতোই সেই শুনানিতেও অনুপস্থিত ছিলেন রায়সাহেব খোদ। স্পিকার ১৩ মিনিটে শেষ করেন শুনানি। তার পর থেকেই এক প্রকার ক্ষিপ্ত গেরুয়া শিবির।
মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মুকুল, কোর্টে যাচ্ছে বিজেপি।
গতকাল শুনানি শেষেই রাজ্যের বিরোধী দলনেতা জানিয়েছিলেন আগামী সপ্তাহেই আদালতে যাবেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানিয়েছিলেন, “সংবিধানের দশম তফশিলে বলা আছে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করতে হবে। আগামী সপ্তাহে আমি কলকাতা হাই কোর্টে যাব। বর্তমান অধ্যক্ষের আমলে গত ১০ বছরে দলত্যাগ বিরোধী আইন বিধানসভায় কার্যকর করা হয়নি। গাজোলের বিধায়কের ২৩ বার শুনানি হওয়ার পরেও কোনও নিষ্পত্তি হয়নি। সেই অভিজ্ঞতা ও তথ্য আমাদের হাতে রয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি দ্রুতই কলকাতা হাই কোর্টে যাব।”
আজ প্রাতঃভ্রমণে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “মুকুল রায় বিধানসভা এড়িয়ে যাচ্ছেন। ওঁর ওখানে যাওয়ার মুখ নেই। তাই এড়িয়ে যাচ্ছেন। মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আমরা আইনি পথে যাব। ওঁ কোনও চাপে পড়ে তৃণমূলে (TMC) গিয়েছেন। কোন মুখে বিধানসভায় আসবে?”









