নজরবন্দি ব্যুরো: পঞ্চায়তেরে দিনক্ষণ ঘোষণা হতেই উত্তপ্ত রাজ্য! মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বঙ্গজুড়ে একের পর এক অশান্তির ঘটনা প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যেই এই সব হিংসার ঘটনায় রাজ্যকে তলব করেছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি আসন্ন পঞ্চায়েতে রাজ্যের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী থাকবেই বলে জানিয়েছে আদালত।
আরও পড়ুন: আজই ৬০ জন বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে, নয়া নির্দেশ বিচারপতি অমৃতার
অন্যদিকে, বিগত কয়েকদিনের এই অশান্তির ফলে শুক্রবার ভাঙড়ের পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে পৌঁছান রাজ্যপাল। গত তিন দিন ধরে ভাঙড়ের যে সব রাস্তায় অশান্তির দেখা দিয়েছে, সে সব জায়গা ঘুরে দেখলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিজয়গঞ্জ বাজারের যেখানে গোলাগুলি চলে, সেখানে নেমে পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে এই বিষয়ে কথাও বলেন রাজ্যপাল। আর রাজ্যপালের এই পদক্ষেপের প্রশংসা করলেন দিলীপ ঘোষ। বললেন, “সাধারণ মানুষ অন্তত একটা মানুষে পাশে পাবে!”

শুক্রবার পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তি নিয়ে রাজ্যপালের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “উনি খুব সেনসিটিভ, এটাই দরকার ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিজে দেখেন। রাজ্যের মানুষ বিপদে পড়লে অন্তত এই একটা লোককে পাশে পাবে। আমরা আশা করব তাঁর হাত দিয়ে এগুলো সমাধান হবে। হাইকোর্ট তার কথা বলেছে, দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে। যদি না করতে পারে, তাহলে ধরে নিতে হবে এটাই তৃণমূলের ইচ্ছা।”

এদিকে, এবার রাজ্যজুড়ে একাধিক অশান্তির ঘটনায় রাজ্যের কাছ থেকে ব্যাখ্যা চাইল আদালত! শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, রাজ্য পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ। হাইকোর্টেরও নির্দেশ মানা হল না। পঞ্চায়েতের আগেই এমন ঘটনা কেন ঘটল? এর উপযুক্ত তদন্ত করা উচিৎ! এই পুরো ঘটনা নিয়ে রাজ্যকে ব্যাখ্যা দিতে হবে। এমনটাই শুক্রবার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার।
সাধারণ মানুষ অন্তত একটা মানুষে পাশে পাবে, প্রশংসায় দিলীপ




