গণনার দিন সকালেই আত্মবিশ্বাসে ভরপুর বিজেপি নেতা দিলীপ ঘোষ। খড়গপুর সদর কেন্দ্রের ফল ঘোষণার আগে তিনি সরাসরি জানিয়ে দিলেন—জয় শুধু নিশ্চিতই নয়, ব্যবধানও হবে উল্লেখযোগ্য। রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের দিনে তাঁর এই মন্তব্য ঘিরে বাড়ছে উত্তেজনা।
সোমবার সকালে নিজের গণনা কেন্দ্র খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয় ঘুরে দেখেন দিলীপ ঘোষ। কেন্দ্রের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে তিনি জানান, সব কিছুই সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “মানুষ পরিবর্তনের জন্য ভোট দিয়েছেন। সেই পরিবর্তন আজ স্পষ্ট হবে। খড়গপুরে আমরা আশীর্বাদ চেয়েছিলাম, জয়ের বিষয়ে আমরা পুরোপুরি নিশ্চিত।”


শুধু জয় নয়, লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ের আশাও প্রকাশ করেছেন তিনি। তাঁর এই মন্তব্যে স্পষ্ট, ফল ঘোষণার আগেই পদ্ম শিবিরে আত্মবিশ্বাস তুঙ্গে।
অন্যদিকে, বিরোধী শিবিরের অভিযোগকেও তীব্র কটাক্ষ করেন দিলীপ। টিএমসি–এর ২০০-র বেশি আসনের দাবি খারিজ করে তিনি বলেন, “যারা হারবে, তারাই অভিযোগ তুলছে। সিসিটিভি বন্ধ বা কারচুপির কথা সম্পূর্ণ ভিত্তিহীন।”
গণনা কেন্দ্রের নিরাপত্তা নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন তিনি। তাঁর মতে, নির্বাচন কমিশন ও প্রশাসনের কড়া নজরদারিতে শান্তিপূর্ণভাবেই গণনা সম্পন্ন হবে এবং বিকেলের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে চূড়ান্ত ফলাফল।


এদিকে সকাল থেকেই খড়গপুরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। গণনা কেন্দ্রের বাইরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহও চোখে পড়ার মতো। এখন সবার নজর ইভিএম খোলার দিকে—শেষ হাসি কে হাসবে, সেটাই দেখার।







