নজরবন্দি ব্যুরো: লর্ডসে দ্বিতীয় অ্যাশেজ ম্যাচের রাশ কিন্তু অস্ট্রেলিয়ার হাতেই। এখন একমাত্র ম্যাজিক ছাড়া জেতা মুশকিল ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ার দেওয়া ৩৭১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের রান ৪ উইকেট হারিয়ে ১১৪। জয়ের জন্য প্রয়োজন আরও ২৫৭ রান। হাতে ৬ উইকেট।
আরও পড়ুন: বাঁচিয়ে দিল গুরপ্রীতের হাত, লেবাননকে হারিয়ে সাফের ফাইনালে ভারত!
চতুর্থ দিনের শুরুতে ভালো বল করে ম্যাচে কিছুটা হলেও ফেরত আসে ইংল্যান্ড। অস্ট্রেলিয়াকে ২৭৯ রানে অলআউট করে দিতে সমর্থ হয় বেন স্টোকস বাহিনী। ৪টি উইকেট নেওয়ার পাশাপাশি অসাধারণ বোলিং করেন স্টুয়ার্ট ব্রড। ২টি করে উইকেট পেয়েছেন জস টঙ্গে ও অলি রবিনসন। কিন্তু ততক্ষণে অস্ট্রেলিয়ার লিড পৌঁছে গিয়েছে ৩৭১ রানে। জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই বিপর্যয়ের সম্মুখীন করতে হয় ইংল্যান্ডকে। ৪.২ ওভারের মধ্যেই জ্যাক ক্রলে ও অলি পোপকে প্যাভিলিয়নের রাস্তা দেখান ঘাতক বোলার মিচেল স্টার্ক।

কোনোরকমে ইংল্যান্ড ধাক্কা সামলাতে পেরেছে কি পারেনি, একই ওভারে ফর্মে থাকা জো রুট ও হ্যারি ব্রুককে আউট করে দেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় ইংল্যান্ডের জন্য।

চতুর্থ দিনের শেষে ক্রিজে আছেন বেন স্টোকস (২৯*) এবং বেন ডাকেট (৫০*)। এদিন একমাত্র বেন ডাকেটই অজি বোলারদের ভালো খেললেন। প্রথম ইনিংসেও ৯৮ রান করেন ডাকেট। এখন দুই ‘বেন’ ক্রিজে। পারবেন তাঁরা ইংল্যান্ডের সম্মানরক্ষা করতে? নাকি ২-০ ব্যবধানে অ্যাশেজে এগিয়ে যাবে অস্ট্রেলিয়া।
ম্যাচের রাশ অস্ট্রেলিয়ার হাতেই, ম্যাজিক ছাড়া জেতা মুশকিল ইংল্যান্ডের!




