ডুরান্ড কাপে বড় ধাক্কা! ফাইনালিস্ট হয়েও আমন্ত্রণ পেল না ডায়মন্ড হারবার এফসি

গতবার ডুরান্ড কাপের ফাইনালিস্ট হওয়া সত্ত্বেও এবার ২৪ দলের তালিকায় জায়গা পেল না ডায়মন্ড হারবার এফসি। ক্লাবের ভবিষ্যৎ ও কলকাতা লিগে অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গতবার ডুরান্ড কাপের ফাইনালে খেলেছিল। কিন্তু এক বছরের ব্যবধানে ছবিটা পুরো বদলে গেল। চলতি বছরের ডুরান্ড কাপে অংশ নেওয়া ২৪টি দলের তালিকায় নেই ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। কলকাতার ফুটবলে দ্রুত উত্থান ঘটানো ক্লাবটির বাদ পড়া ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক পালাবদলের পর ক্লাবের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে ফুটবল মহলে।

ডুরান্ড কাপ কর্তৃপক্ষ এবারের প্রতিযোগিতার জন্য ২৪টি দলকে আমন্ত্রণ জানিয়েছে। ২৫ জুলাই থেকে শুরু হয়ে ২৩ আগস্ট পর্যন্ত চলবে দেশের অন্যতম প্রাচীন এই ফুটবল টুর্নামেন্ট। ইস্টবেঙ্গল (East Bengal FC), মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) এবং মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting Club)-সহ একাধিক বড় ক্লাব খেললেও গতবারের রানার্স-আপ ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC) এবার সুযোগ পেল না।

মাত্র কয়েক বছরের মধ্যেই রাজ্যের ফুটবলে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছিল ডায়মন্ড হারবার। চার বছরের মধ্যেই আইএসএল (Indian Super League)-এ খেলার যোগ্যতা অর্জন করে ক্লাবটি নজর কেড়েছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর পরিস্থিতি দ্রুত বদলেছে বলে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

গত মাসে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ইন্দ্রনীল খাঁ (Indranil Khan) ডায়মন্ড হারবার এফসিকে ঘিরে একাধিক গুরুতর অভিযোগের কথা প্রকাশ্যে আনেন। তাঁর দাবি, ক্লাবকে কেন্দ্র করে অর্থ লেনদেন এবং ম্যাচ ফিক্সিং সংক্রান্ত অভিযোগ প্রশাসনের কাছে এসেছে। ইতিমধ্যেই একাধিক অভিযোগ ইমেলের মাধ্যমে জমা পড়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও তিনি জানিয়েছিলেন।

উল্লেখ্য, ক্লাবটির সঙ্গে তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-এর নাম দীর্ঘদিন ধরেই জড়িয়ে রয়েছে। গত মরশুমে ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে চমক দিয়েছিল কিবু ভিকুনা (Kibu Vicuña)-র দল। যদিও ফাইনালে নর্থইস্ট ইউনাইটেড এফসি (NorthEast United FC)-র কাছে হেরে শিরোপা হাতছাড়া করতে হয়।

এদিকে রাজনৈতিক পালাবদলের পর থেকেই ক্লাবের কার্যক্রম কার্যত স্তব্ধ বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত নতুন মরশুমের অনুশীলন শুরু হয়নি। ক্লাবের সাপোর্ট স্টাফ-সহ একাধিক কর্মীর বেতন গত দু’মাস ধরে বকেয়া রয়েছে বলেও খবর। ফলে নতুন মরশুমে দল গঠন এবং প্রস্তুতি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সামনেই কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League) শুরু হওয়ার কথা। কিন্তু সেই প্রতিযোগিতায় ডায়মন্ড হারবার এফসি আদৌ দল নামাতে পারবে কি না, তা নিয়েও ক্লাবের অন্দরেই সংশয় তৈরি হয়েছে। ডুরান্ড কাপে সুযোগ না পাওয়ার পর ক্লাবটির ভবিষ্যৎ কোন পথে এগোবে, এখন সেই দিকেই নজর ফুটবলপ্রেমীদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন