মাত্র তিন দিনেই ৩০০ কোটির গণ্ডি পার—বলিউডে নতুন ইতিহাস গড়ছে Dhurandhar 2। Ranveer Singh অভিনীত এই ছবিটি বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে। পেইড প্রিভিউ-সহ প্রথম তিন দিনেই ৩৩৯ কোটির বেশি আয় করে ছবিটি ইতিমধ্যেই ব্লকবাস্টারের পথে।
১০২ কোটির বিশাল ওপেনিং দিয়ে যাত্রা শুরু করে ‘ধুরন্ধর ২’। দ্বিতীয় দিনে কিছুটা কমলেও তৃতীয় দিনে আবার রেকর্ড গড়ে ১১৩ কোটি আয় করেছে। প্রথম রবিবারের সংগ্রহ নিয়ে এখন জোর জল্পনা—ট্রেড বিশেষজ্ঞদের মতে, সহজেই ১২০ কোটির গণ্ডি পেরোতে পারে ছবিটি। ফলে প্রথম সপ্তাহান্তেই ৪৫০ কোটির মাইলফলক ছোঁয়ার সম্ভাবনা প্রবল।
এই বিপুল সাফল্যের মাঝেই দর্শকদের আরেকটা বড় প্রশ্ন—কবে এবং কোথায় ওটিটিতে দেখা যাবে এই সিনেমা?
সূত্রের খবর, ‘ধুরন্ধর ২’ মুক্তি পেতে পারে JioHotstar-এ। সাধারণত প্রেক্ষাগৃহে মুক্তির ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে সিনেমা ওটিটিতে আসে। তবে এই ছবির ক্ষেত্রে সময়টা একটু বেশি হতে পারে—প্রায় ৪৫ থেকে ৬০ দিন। কারণ, ছবিটি দীর্ঘ সময় ধরে হলে চলার সম্ভাবনা রয়েছে।
সব কিছু ঠিক থাকলে মে মাসের শেষ বা জুনের শুরুতেই জিও হটস্টারে স্ট্রিম হতে পারে এই ছবি। উল্লেখযোগ্য বিষয়, প্রথম পর্ব Dhurandhar মুক্তির প্রায় ৫৫ দিনের মাথায় Netflix-এ এসেছিল। তবে দ্বিতীয় পর্বের ক্ষেত্রে প্ল্যাটফর্ম বদল হয়েছে—একটি বড় চুক্তির মাধ্যমে এটি জিও হটস্টারে আসছে।
বক্স অফিসের হিসেব বলছে—পেইড প্রিভিউয়ে ৪৩ কোটি, প্রথম দিনে ১০২.৫৫ কোটি, শুক্রবারে ৮০.৭২ কোটি এবং শনিবারে ১১৩ কোটি আয় করেছে এই ছবি। মোট আয় ইতিমধ্যেই ৩৩৯.২৭ কোটিতে পৌঁছেছে।
ট্রেড বিশ্লেষকদের মতে, এই গতি বজায় থাকলে ‘ধুরন্ধর ২’ আগামী দিনে আরও বড় রেকর্ড গড়তে পারে। এখন নজর প্রথম সপ্তাহান্তের সংগ্রহে—রণবীরের এই ছবি কি নতুন ইতিহাস লিখবে?



