লোকসভা মিটলেও ভোট-আবহ জারি রইল বঙ্গে। আগামী ১০ জুলাই রাজ্যের চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। কেন্দ্র চারটি হল, নদীয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। এদিকে, লোকসভায় ভরাডুবির পর আসন্ন উপনির্বাচনগুলি জিততে মরিয়া বিজেপি। তাঁদের লক্ষ্য, সব কটি আসন জিতে ৪-০ করা। তাহলে, অন্তত ক্ষততে কিছুটা হলেও প্রলেপ পড়বে।
আরও পড়ুন: গরম থেকে রেহাই, কবে বৃষ্টি? জানালো হাওয়া অফিস


এই চার কেন্দ্রে কোন দলের তরফে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে জল্পনা চলছে। তৃণমূল নিজেদের মধ্যে লাগাতার বৈঠক করছে। অন্যদিকে, বিজেপি চায় চমক দিতে। বাম ও কংগ্রেস সম্মিলিতভাবেই লড়বে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মানিকতলা ও বাগদা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী দেবে সিপিআইএম। অন্যদিকে, রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণে লড়বে কংগ্রেস। এবারেও ‘একলা চলো’ নীতিতেই আস্থা রাখতে চায় আইএসএফ।

যে চারটি কেন্দ্রে উপনির্বাচন হবে, তার মধ্যে দু’টি কেন্দ্রে একুশ সালে জয় পেয়েছিল বিজেপি। মানিকতলা ও বাগদা আসন থেকে জেতে তৃণমূল। কিন্তু, রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণ এই দু’টি কেন্দ্র থেকেই যারা পদ্ম-প্রতীকে লড়েছিলেন তাঁরা বর্তমানে জোড়াফুল শিবিরের সদস্য! একজন, কৃষ্ণ কল্যাণী ও অন্যজন, মুকুটুমণি অধিকারী।এই দু’জনকেই আবার লোকসভায় টিকিট দেয় তৃণমূল। পরাজিত হয়েছেন দু’জনেই।
সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিদায়ী সাংসদদের কেন্দ্র বদল কররে মাশুল গুনতে হয়েছে বিজেপিকে। হেরেছেন একাধিক হেভিওয়েট। তাঁদের মধ্যে একজন হলেন, দেবশ্রী চৌধুরী। ২০১৯ সালে রায়গঞ্জ থেকে জিতে সাংসদ হন তিনি। কিছুদিন ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও। সেই দেবশ্রীকে কলকাতা দক্ষিণে সরিয়ে আনে বিজেপি। ফলপ্রকাশে দেখা যায়, তিনি তৃণমূলের মালা রায়ের কাছে বিপুল ভোটে পরাজিত।


কলকাতা দক্ষিণ থেকে ফের রায়গঞ্জের প্রার্থী দেবশ্রী, উপনির্বাচন ৪-০ জিততে গেমপ্ল্যানে বদল বিজেপির

এবার অসমর্থিত সূত্রে খবর, আসন্ন বিধানসভা উপনির্বাচনে রায়গঞ্জ থেকে বিজেপির টিকিটে লড়তে পারেন দেবশ্রী চৌধুরী। এই কেন্দ্র বিজেপির দখলেই ছিল। কৃষ্ণ কল্যাণী জিতেছিলেন। রায়গঞ্জ লোকসভায় ৫ বছর সাংসদ ছিলেন দেবশ্রী। এবারের লোকসভাতেও এই কেন্দ্র জিতেছে বিজেপি। ফলে, সংগঠন অনেকটাই প্রস্তুত।
তৃণমূলে যোগদানকারী কৃষ্ণ কল্যাণীকে ফের একবার রায়গঞ্জ বিধানসভার টিকিট দিতে পারে জোড়াফুল শিবির। তাই ‘রিস্ক’ নিতে চাইছে না বিজেপি। দেবশ্রী, কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে দাঁড়ালে ‘ফাইট’ জবরদস্ত হবে এমনটাই দাবি বিজেপির একাংশের। তবে, এখনও চূড়ান্ত ঘোষণা বাকি। কোন কেন্দ্রে বিজেপি কাকে টিকিট দেয় সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।







