পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পরই বড় আর্থিক স্বস্তি। দীর্ঘদিন আটকে থাকা জল জীবন মিশন প্রকল্পের প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার বকেয়া এবার পেতে চলেছে নতুন বিজেপি সরকার। নবান্ন সূত্রে খবর, খুব শীঘ্রই কেন্দ্র ও রাজ্যের মধ্যে মউ স্বাক্ষর হলেই রাজ্যের কোষাগারে ঢুকবে এই বিপুল অঙ্কের টাকা। গত দু’বছর ধরে এই প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ কার্যত বন্ধ ছিল। কিন্তু নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হতেই কেন্দ্রের তরফে বকেয়া অর্থ ছাড়ার উদ্যোগ ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।
প্রশাসনিক সূত্রের খবর, কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের সচিব ভি এল কান্থা রাওয়ের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়েছে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের সচিবের। সেই বৈঠকেই জল জীবন মিশনের বকেয়া অর্থ ছাড়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।


জল জীবন মিশন প্রকল্পের মূল লক্ষ্য হল গ্রাম ও শহরের বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া। গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে এই প্রকল্পের কাজ নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে একাধিকবার মতবিরোধ তৈরি হয়েছিল। তৃণমূল সরকারের অভিযোগ ছিল, কেন্দ্র রাজনৈতিক কারণেই টাকা আটকে রেখেছে। অন্য দিকে কেন্দ্রের দাবি ছিল, প্রকল্প বাস্তবায়ন এবং হিসাব সংক্রান্ত একাধিক জটিলতার কারণেই বরাদ্দে বিলম্ব হয়েছে।
এবার বিজেপি সরকার ক্ষমতায় আসতেই পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রশাসনিক সূত্রের দাবি, কেন্দ্রের সঙ্গে দ্রুত সমঝোতা এবং চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে। সব কিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়িই রাজ্যের কোষাগারে পৌঁছে যাবে ২৭০০ কোটি টাকার বকেয়া।
শুধু জল জীবন মিশন নয়, কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত চালুর প্রস্তুতিও শুরু হয়েছে বাংলায়। ন্যাশনাল হেলথ অথরিটির সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়েছে রাজ্য সরকারের প্রতিনিধিদের। ফলে স্বাস্থ্য ও পরিকাঠামো— দুই ক্ষেত্রেই কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে গতি আসতে পারে বলে মনে করা হচ্ছে।


নবান্ন সূত্রের দাবি, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিক স্তরে সমন্বয় বাড়ায় বহুদিনের আটকে থাকা কেন্দ্রীয় প্রকল্পগুলিও এবার গতি পেতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আর্থিক বরাদ্দকে সামনে রেখে আগামী দিনে কেন্দ্র-রাজ্য সম্পর্কের নতুন সমীকরণও তৈরি হতে পারে।







