নজরবন্দি ব্যুরো: বাংলায় বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলছে। ভ্যাপসা গরম, অস্বস্তিকর আবহাওয়ায় বাইরে বেরোলেই ঘাম ঝড়ছে। এই অবস্থায় বঙ্গবাসীর একটাই প্রশ্ন বৃষ্টি কবে হবে? এদিকে আলিপুর আবহাওয়া দফতর ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরফলে বাংলায় বর্ষার প্রবেশ দেরিতে ঘটবে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। কী কী জানাল আবহাওয়া দফতর?
আরও পড়ুন: চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে, রাজ্যের পাঁচ জেলায় চলবে দাবদাহ
মৌসম ভবন জানিয়েছে, বিপর্যয় ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল কোথায় হবে তা এখনও স্পষ্ট নয়। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরেই বন্দী থাকবে বলে জানা গিয়েছে। জুনের ৫ তারিখ পেরিয়ে গেলেও এখনও কেরলেই বর্ষা পৌঁছায়নি। ফলে পশ্চিমবঙ্গে বর্ষা পৌঁছাতে দেরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি পরিস্থিতি অনুকূল হতে এক থেকে দুদিন লাগবে বলেও মনে করছে আবহাওয়াবিদরা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে। রাজ্যর পাঁচটি জেলায় চলবে দাবদাহের পরিস্থিতি। আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমী লু বাতাসের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর ও সংলগ্ন জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী শনিবার অর্থাৎ ১০ জুন পর্যন্ত বাংলায় তাপপ্রবাহ বজায় থাকবে। আগামী কয়েকদিনে রাজ্যের পাঁচ জেলায় তাপমাত্রা বাড়তে পারে প্রায় ৩-৫ ডিগ্রি সেলসিয়াস। এমনকি দিনের বেলায় গরম হওয়া বইতে পারে। বুধবার থেকে শনিবার অর্থাৎ ৭ জুন থেকে ১০ জুন পর্যন্ত হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহে তাপপ্রবাহ চলবে। এই তাপপ্রবাহের সতর্কতার মাঝেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। তবে বাংলায় কতটা প্রভাব পড়তে পারে তা নিয়ে কোনও নির্দিষ্ট তথ্য জানায়নি আবহাওয়াবিদরা।
আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা, কতটা প্রভাব পড়বে বাংলায়




